১৫৭টি চিংড়িমহালের ইজারা বাতিল কক্সবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে ১৫৭টি চিংড়িমহালের ইজারা বাতিল করা হয়েছে। এসব মহালের দখল নিয়ন্ত্রণে নিয়ে জেলা প্রশাসন প্রকৃত চাষিদের মধ্যে নতুন করে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। গত চারদলীয় জোট সরকারের আমলে দলীয় নেতা-কর্মী ও লোকজনের নামে প্রতিটি ১০ একর আয়তনের এসব চিংড়িমহাল বরাদ্দ দেয় বলে অভিযোগ রয়েছে। বাতিল করা মহালের মধ্যে রয়েছে—মহেশখালীতে ৫০টি, চকরিয়ায় ৪৭টি, কক্সবাজার সদরে ২৯টি, টেকনাফে ১২টি, পেকুয়ায় ১২টি ও কুতুবদিয়ায় সাতটি। এদিকে, বাতিল করা মহালগুলো দখলে নিতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। মহেশখালীর হেতালিয়াঘোনার চিংড়িমহালের ইজারা গ্রহীতা নুরুল ইসলামসহ একাধিক মহালের মালিক বলেন, ‘বাতিল করা মহালের বেশির ভাগেই বর্তমানে কোটি কোটি টাকার চিংড়িচাষ চলছে। চিংড়ি ধরে বিক্রি না করা পর্যন্ত এসব মহাল অন্য কারও হাতে তুলে দিলে সংঘর্ষ, সংঘাত বেড়ে যাবে।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলী জানান, বিভিন্ন অনিয়ম ও শর্তভঙ্গের অভিযোগে ১৫৭টি চিংড়িমহালের ইজারা বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব মহাল নিবন্ধন করার শর্ত থাকলেও ইজারাপ্রাপ্তরা তা করতে ব্যর্থ হয়েছেন। তিনি জানান, আরও কিছু চিংড়িমহালের ব্যাপারেও এ ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। তদন্ত করে সেগুলোর ইজারাও বাতিল করা হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, ইজারা বাতিল হওয়া এক হাজার ৫৭০ একরের চিংড়িচাষের জমি পুনরায় ইজারা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। জেলা চিংড়িমহাল কমিটি ইতিমধ্যে নতুন করে শতাধিক আবেদন বাছাই করে ইজারা প্রক্রিয়া শুরু করেছেন। সূত্র জানায়, ২০০৮ সালে ৬ জুন ভূমি মন্ত্রণালয় অধিশাখা-৮ থেকে এক প্রজ্ঞাপনে চিংড়িচাষের জন্য যেসব জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন পরও ওই সবের নিবন্ধন সম্পাদন হয়নি, সেসব চিংড়িমহালের চুক্তি সম্পাদনসহ সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। গত ১৫ এপ্রিল একই মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে ‘গত জোট সরকারের আমলে অনিয়মের মাধ্যমে দলীয় লোকজন ও নেতা-কর্মীদের মধ্যে বরাদ্দ দেওয়া’ ১৫৭টি চিংড়িমহালের ইজারা বাতিলের নির্দেশ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বাতিল করা মহালগুলো এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কারণ ওইসব মহালে কোটি কোটি টাকার চিংড়িচাষ চলছে। এ অবস্থায় দখল প্রতিষ্ঠা করতে গেলে সংঘর্ষসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ কারণে নতুন করে ইজারা কার্যক্রমে দেরি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাতিল হওয়া কয়েকটি চিংড়িমহালের ইজারাদার জানান, নিয়ম মেনে তাঁরা চিংড়িচাষ করে আসছেন। জোট সরকারের আমলে বরাদ্দ হয়েছে—এ অভিযোগ তুলে বর্তমান সরকার এসব চিংড়িচাষের জমি থেকে উচ্ছেদ করে দলীয় নেতা-কর্মীদের বরাদ্দের চক্রান্ত করছে। উচ্ছেদের বিজ্ঞপ্তি (নোটিশ) দিলে আইনের আশ্রয় নেওয়া হবে বলে তাঁরা হুমকি দেন। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়িমহালগুলোতে চিংড়ি উৎপাদন কার্যক্রম চালু রাখার নিয়ম থাকলেও অনেকে সনাতন পদ্ধতিতে চাষ করছেন। অনেকে চিংড়িচাষ না করে অন্যের কাছে উপভাড়া দিয়ে সুবিধা আদায় করছেন। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।