১৬ দিনের কর্মসূচি
২৫ নভেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’। আর ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’। ১৯৯১ সাল থেকে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর—১৬ দিনব্যাপী নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রচার-কর্মসূচি পালিত হয়ে আসছে। এ সময় সারা বিশ্বে নারী ও মেয়েশিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের বিভিন্ন পদক্ষেপকে উদ্দীপ্ত করা হয়।
১৯৯১ সালে উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউট প্রথম এই আন্তর্জাতিক প্রচার-কর্মসূচির সূচনা করে। প্রচার-কর্মসূচির সমন্বয় করে সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশিপ।চলতি বছর এই ‘ইউনাইট’ বা ঐক্যবদ্ধ প্রচার-কর্মসূচিতে ২০৩০ সালে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে টেকসই অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী নারী-মেয়েশিশুর প্রতি সহিংসতা রোধ ও তা বন্ধের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ যথেষ্ট অর্থায়নের অভাব। ফলে নারী-মেয়েশিশুর প্রতি সহিংসতা রোধ ও তা বন্ধের পদক্ষেপগুলো অর্থের ব্যাপক ঘাটতির মুখে পড়ছে।
নারী ও মেয়েশিশুর বিরুদ্ধে সহিংসতার অবসানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফ্রেমওয়ার্কে আছে যথেষ্ট প্রতিশ্রুতিও। কিন্তু নারী-মেয়েশিশুর জীবনে সত্যিকার ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে হলে বিভিন্ন উদ্যোগে পর্যাপ্ত অর্থায়ন দরকার।
বিষয়টিকে সামনে আনতে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে চলতি বছরের ১৬ দিনের এই প্রচার-কর্মসূচিতে ‘বিশ্বকে কমলায় রাঙাও: নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে অর্থ জোগাও’ এই ডাক দেওয়া হয়েছে। নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও তা বন্ধে টেকসই অর্থায়নের গুরুত্বের বিষয়টি বিশ্বের সামনে আনার একটা ক্ষেত্র তৈরি করেছে এই উদ্যোগ।
তথ্যসূত্র: ইউএনএফপিএ