১৬ বছর ধরে বিনা বেতনে খাটছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় দাগনপাড়া মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়েছে। বড় ধরনের ধমকা হাওয়া লাগলেই এটি ধসে পড়ে গ্রামের দরিদ্র মানুষের ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গ্রামবাসী ও বিদ্যালয় সূত্র জানিয়েছে, অর্থ সংকটের কারণে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিদ্যালয়টির এমন দশা হয়েছে। এ ছাড়া, গত ১৬ বছর ধরে অনেকটা বিনা বেতনেই খেটে চলেছেন চারজন শিক্ষক। সরেজমিনে দেখা যায়, ৪৫ ফুট দীর্ঘ এবং ১৫ ফুট প্রস্থের বিদ্যালয়টিতে তিনটি ছোট শ্রেণী কক্ষ এবং একটি শিক্ষক কার্যালয় রয়েছে। তিনটি শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের বসার জন্য টুল (বেঞ্চ) রয়েছে মাত্র তের জোড়া। কার্যালয়েও রয়েছে আসবাব সংকট। গ্রামবাসী ও বিদ্যালয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলার চর কৃষ্ণজয় দাগনপাড়াতে কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও সেখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে স্থানীয় শ্রমজীবী তথা সাধারণ পরিবারের সন্তানেরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যতের কথা চিন্তা করে গ্রামের কয়েক ব্যক্তি এক বৈঠক ডেকে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। গ্রামে আর্থিকভাবে সচ্ছল লোকজন না থাকা সত্ত্বেও স্থানীয় আবদুস সোবহান ও খোরশেদ আলম বিদ্যালয়ের জন্য কিছু জমি দান করেন। কিন্তু ওই জমি দিয়ে বিদ্যালয় তৈরি সম্ভব না হওয়ায় গ্রামবাসীর অনুরোধে স্থানীয় সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন বিদ্যালয়ের জন্য কিছু জমি ও টিন দান করেন। এরপর গ্রামের লোকজনের সহায়তায় ১৯৯৬ সালে বাঁশের খুঁটির ওপর টিন দিয়ে দোচালা বিদ্যালয় ঘর নির্মাণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম ও শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি নুরুজ্জমান জানান, বিদ্যালয়ের জন্য নামমাত্র বেতনে একজন প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাঁরা অনেকটা স্বেচ্ছাশ্রমেই শিক্ষকতার কাজ করছেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রও ভর্তি করা হয়। কিন্তু কয়েক বছর চলার পর আর্থিক সংকটে পড়ে বিদ্যালয়টি একপর্যায়ে বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর পর গ্রামবাসীর প্রচেষ্টায় বিদ্যালয়টি আবার চালু করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৯৬ জন। শ্রেণী কক্ষের অভাবে প্রাক-প্রাথমিক শ্রেণী খোলা হয়নি। টুলের অভাবে বসতে না পেরে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। শিক্ষকদের দুই-তিন মাস পরপর সম্মানী দেওয়া হয় মাত্র ৫০০ টাকা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ জানান, তিনিসহ চারজন শিক্ষক ১৪ বছর ধরে এ বিদ্যালয়ে নামমাত্র বেতনে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা না থাকায় কিছুটা দূরে হলেও উপবৃত্তির আশায় অনেক ছেলেমেয়ে বাইরের বিদ্যালয়ে চলে যায়। এর আগে সরকারি বইও পাওয়া যেত না। তবে চলতি বছর শিক্ষার্থীদের জন্য সরকারি বই পাওয়া গেছে। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলম জানান, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়টি যাতে ভালোভাবে চলে, সে দিকে নজর রাখছেন। সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকারি সিদ্ধান্তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) বন্ধ থাকায় এই বিদ্যালয়টিও নিবন্ধন করা যায়নি। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তা ছাড়া বিদ্যালয়টি চালানোর মতো সহযোগিতা দিয়ে যাচ্ছি।’