১৬ বছরেই ঔপন্যাসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা চৌধুরী লিখেছে ইংরেজি ভাষার উপন্যাস দ্য লাইফ বিটুইন। গত জুলাই মাসে খড়িমাটি প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয় l ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা চৌধুরী লিখেছে ইংরেজি ভাষার উপন্যাস দ্য লাইফ বিটুইন। গত জুলাই মাসে খড়িমাটি প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয় l ছবি: জুয়েল শীল

‘পেছন থেকে কেউ আসছিল। আমি ঠিক নিশ্চিত ছিলাম না। কিন্তু পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। দরজাটা খুলে যেতেই ভাবনায় ছেদ পড়ল। ঘুরে দেখতে গেলাম কী সেটা। হঠাৎ অনুভব করলাম কোনো কিছু সম্পর্কে আমি এর আগে এত কৌতূহলী হইনি। তবে এখন তার উল্টোটাই ঘটছে। পায়ের শব্দটা এত অদ্ভুত ছিল যে আমি সেটা সম্পর্কে না ভেবে পারলাম না। খোলা দরজা দিয়ে আসা আচ্ছন্ন করা একটা মিষ্টি গন্ধ আমাকে ঘিরে ধরেছে। তখন সে এল। প্রথমেই আমি তার জুতার দিকে দেখলাম। সম্ভবত অদ্ভুত শব্দটা ওই জুতাজোড়ারই সৃষ্টি।’

দ্য লাইফ বিটুইন উপন্যাসের শুরুর কয়েকটা লাইনের অনুবাদ তুলে দেওয়া হলো এখানে। কোনো বিখ্যাত ঔপন্যাসিকের রচনা নয়। চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা চৌধুরী লিখেছে এই উপন্যাস। বয়স মাত্র ১৬ বছর। গত বছরের নভেম্বর মাসে জেএসসি পরীক্ষার পর এই উপন্যাস লেখা শুরু করে শ্রেষ্ঠা। এরপর তাঁর অভিভাবক ও শিক্ষকদের উৎসাহে গত জুলাই মাসে খড়িমাটি প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়। এই বয়সে উপন্যাস, তাও আবার ইংরেজি ভাষায়—এমন বিস্ময় নিয়েই বইটি হাতে তুলছে শ্রেষ্ঠার পরিচিতজনেরা। তবে এ ব্যাপারে উচ্ছ্বাসের ছিটেফোঁটাও নেই শ্রেষ্ঠার মধ্যে। বই প্রকাশের বিষয়ে তেমন আগ্রহ তার ছিল না।
গত মঙ্গলবার বিকেল চারটায় বাবার সঙ্গে প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আসে শ্রেষ্ঠা। আলাপের শুরুতেই শ্রেষ্ঠার বাবা কলেজশিক্ষক শোভন চৌধুরী জানালেন, প্রথম আলো কার্যালয়ে একরকম জোর করে আনতে হয়েছে তাকে। নিজের লেখালেখি বিষয়ে কথা বলতে চায় না একেবারেই। বাবার অভিযোগের উত্তর দিল শ্রেষ্ঠা। বলল, ‘আমি এখনো তেমন কিছু বলার মতো লিখিনি। তাই এসব নিয়ে মাতামাতি পছন্দ নয়।’
শ্রেষ্ঠার সঙ্গে আলাপের বিস্তারিত বলার আগে ৮০ পৃষ্ঠার দ্য লাইফ বিটুইন উপন্যাসের কাহিনিসংক্ষেপ জেনে নেওয়া যাক। উপন্যাসের সব ঘটনাই আবর্তিত হয় এইজেল নামের এক কিশোরীকে ঘিরে। দুর্ঘটনায় বাবা-মায়ের মৃত্যুর পর এইজেল তার ধনকুবের চাচা আলেক্সান্ডার রেনাসের কাছে চলে আসে। নিঃসন্তান চাচা-চাচির কাছে শুরু হয় তার নতুন জীবন। স্কুলের উচ্ছল বন্ধুদের ভিড়ে দারুণ সময় কাটতে থাকে তার। কিন্তু আনমনা এইজেল প্রায় সময়ই রাস্তায় দুর্ঘটনার মুখোমুখি হয়। আর এই সময় রহস্যময় কেউ একজন বারবারই তাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচায়। কিন্তু এইজেল জানে না এই উপকারী বন্ধুটিই তার সহপাঠী অ্যারেন র‍্যাচার।
ঘটনা চূড়ান্ত ক্লাইমেক্সে পৌঁছায় যখন উপন্যাসে দুষ্টু বুড়ো শিন ক্রুজেরোর আবির্ভাব ঘটে। শিন ক্রুজেরো তঁার চাচারই প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী। যিনি তাঁর চাচাকে হত্যা করে তঁার সম্পত্তি বাগিয়ে নিতে চান। ক্রুজেরোর অব্যাহত ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হয়। মরতে হয় তঁার চাচা-চাচিকে। আর এইজেলের কাছে ভালো মানুষ সেজে ক্রুজেরো এই ঘটনার দায় চাপায় উপকারী বন্ধু অ্যারেনের ওপর। এ কথা বিশ্বাসও করে এইজেল। আর এই বিশ্বাস নিয়েই দুষ্টু বুড়োর হাতে মরে সেও। উপন্যাসের শেষ হয় অ্যারেনের বয়ানের মাধ্যমে। বন্ধুর মৃত্যুশোক নিয়েই সে বেঁচে থাকে।

বইটা সামনে নিয়ে শ্রেষ্ঠাকে প্রশ্ন করি, উপন্যাস, তাও আবার ইংরেজিতে—কী করে লিখলে?

উত্তরে মিটিমিটি হাসতে থাকে সে। বলে, ‘গত বছর জেএসসি পরীক্ষার পর কয়েক মাস ছুটি পেয়েছিলাম। সেই অবসরেই লিখেছি এটি। ইংরেজিতে লিখতে ভালো লাগছিল। আর লেখা শুরুর পর ধীরে ধীরে এটা বড় হয়ে গেল। এভাবেই উপন্যাস লিখলাম।’

উপন্যাসের কাহিনি এ দেশের নয়। চরিত্রগুলোর নামই–বা এমন কেন? শ্রেষ্ঠার উত্তর, ‘আমার উপন্যাস পুরোটাই কাল্পনিক। তা ছাড়া এল জে স্মিথের ভ্যাম্পায়ার ডায়রিস, জে কে রাওলিং এর হ্যারি পটার কিংবা স্টেফানি মেয়ারের লেখা পড়তে পড়তে হয়তো তাঁদের দ্বারা প্রভাবিত হয়েছি। তাই নামগুলো এমন। আর এখানে কোনো সুনির্দিষ্ট জায়গার নামও উল্লেখ করা হয়নি।’

প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পাওয়া শ্রেষ্ঠা শৈশব থেকেই বইয়ের পোকা। জাফর ইকবাল, সত্যজিৎ রায়, হ‌ুমায়ূন আহমেদ আর আনিসুল হক তার প্রিয় লেখক। জে কে রাওলিংয়ের হ্যারি পটার সিরিজের প্রায় সব বই–ই সে পড়েছে। ভালো লাগে রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজের বইগুলোও।

 কেবল লেখালেখিতে নয়, শ্রেষ্ঠা আরও অনেক কিছুতেই নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রাখছে প্রতিনিয়ত। ২০১৫ সালে প্রথম আলো ভাষা প্রতিযোগে জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছে সে। ২০১৬ সালে জাতীয় শিক্ষাসপ্তাহে হয়েছে বিভাগের সেরা শিক্ষার্থী। ঢাকার পরমাণু শক্তি কমিশনে বায়োলজি অলিম্পিয়াডের ক্যাম্পেও অংশ নিয়েছে সে। শ্রেষ্ঠার ইচ্ছে কণা-পদার্থবিদ্যা (মলিক্যুলার ফিজিকস) বিষয়ে উচ্চতর পড়াশোনা করার। তবে যে বিষয়ে পড়ুক না কেন, লেখালেখি চালিয়ে যাবে-এমন সংকল্প তার।

দুই ভাইবোনের মধ্যে শ্রেষ্ঠা বড়। ছোট ভাই শীর্ষ চৌধুরী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। মা সোমা ঘোষও একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। টেলিভিশন দেখার চেয়ে বই পড়ার প্রতি শ্রেষ্ঠার আগ্রহ বেশি। তার বাবা শোভন জানান, উপন্যাস ছাড়াও এর মধ্যে বেশ কিছু গল্প ও কবিতা লিখেছে সে। তবে সেসব লেখা দেখাতে চায় না কাউকে।

বাবার উচ্ছ্বাসে বিব্রত হয় শ্রেষ্ঠা। আর কে নারায়ণ, ঝুম্পা লাহিড়ি কিংবা তাহমিনা আনামের মতো ভারতীয় উপমহাদেশের অনেক লেখক ইংরেজি ভাষায় উপন্যাস লিখে বিখ্যাত হয়েছেন। শ্রেষ্ঠা তঁাদের নাম শুনলেও সবার লেখা পড়েনি এখনো। তবু তঁাদের সাফল্যই তার প্রেরণা। লেখালেখির মধ্যে সৃষ্টির যে আনন্দ, তার খোঁজ সবাই পায় না। শ্রেষ্ঠা তা পেয়েছে। আর সেটাকে সম্বল করেই সামনে এগোতে চায় সে।