১৬ বছরের ‘প্রবীণ’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয় হিসেবে পথচলা মাত্র ১৬ বছরের হলেও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস ও গুরুত্ব। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৮৫৮ সালে যাত্রা শুরু করে নানা পরিবর্তনের মধ্য দিয়ে ১৬৩ বছর পূর্ণ করতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ১৮৭২ সালে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তাঁর বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণির কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজে পরিণত হয়। তবে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থাগারের বই–পুস্তক, জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। পরে ১৯৪৯ সালে আবার এ কলেজে স্নাতক কার্যক্রম শুরু হয়। পরে ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাসের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, অবকাঠামোসহ নানা বিষয়ে সংকট ছিল, আছে। তবে শিক্ষা ও কর্মজীবনে এখানকার ছাত্রছাত্রীদের সাফল্য চোখে পড়ার মতো।

শিক্ষাপদ্ধতি

কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় শিক্ষা ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের অধীন ৩৬টি বিভাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ১৩ হাজার ছাত্রছাত্রী পড়ছেন এ বিশ্ববিদ্যালয়ে। চলতি বছর থেকে গুচ্ছভুক্ত সরকারি ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। শুরুতে সেশনজটের সমস্যা প্রকট ছিল। প্রায় প্রতিটি বিভাগে চার বছরের স্নাতক কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীদের লেগেছে পাঁচ থেকে ছয় বছর। তাই ২০১৬-১৭ সেশন থেকে প্রতিটি বিভাগকে বাধ্যতামূলকভাবে জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রথম সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সেমিস্টার শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ সেশনজটের সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। তবে করোনাসংকটে আবার দেড় বছরের জটে পড়ছে বিশ্ববিদ্যালয়।

আয়োজন ও আক্ষেপ

পুরান ঢাকায় সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি বলয় গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে আছে ১১টি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলো বছরব্যাপী নানা উৎসব উদ্‌যাপন ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা এবং দেশীয় সংস্কৃতি লালন করে থাকে। এর মধ্যে অন্যতম ঋতুভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, শিল্পকর্ম প্রদর্শনী, নজরুল-রবীন্দ্রজয়ন্তী পালন, পয়লা বৈশাখসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন। এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কর্মশালা আয়োজন করে সংগঠনগুলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় একটি আক্ষেপের জায়গা—আবাসিক হল। গত ১৪ বছরে বিশ্ববিদ্যালয়ের বেদখল হলের সমাধান করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাধিকবার শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের পরও গত ১০ বছরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের কাজও শেষ হয়নি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা না থাকায় শিক্ষার্থীদের থাকতে হয় নিজস্ব ব্যবস্থাপনায়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস সম্প্রসারণ করা সম্ভব না হওয়ায় ২০১৯ সালে কেরানীগঞ্জে ২০০ একর জমি নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে সেই কাজও এগোচ্ছে ধীরগতিতে।

স্মৃতিতে কৃতীরা

বহু গুণীজনের পা পড়েছে এ শিক্ষাপ্রতিষ্ঠানে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান, ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ, শিক্ষাবিদ আনিসুজ্জামান, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়, লেখক ও সম্পাদক ইমদাদুল হক মিলন, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রমুখ এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেছেন।

অধ্যাপনা করেছেন শহীদ বুদ্ধিজীবী আবুল কালাম আজাদ, নাট্য আন্দোলনের পথিকৃৎ মমতাজউদদীন আহমদ, নাট্যকার মুনীর চৌধুরী, কথাসাহিত্যিক শওকত আলীসহ অনেকে।