কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে ১৬ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় কক্সবাজারের পাশাপাশি সারা দেশের ১২০টি ভেন্যুতে এই উৎসব পালিত হবে।উৎসব পালন উপলক্ষে গত শনিবার বিকেলে সমুদ্রসৈকতের ঝাউবাগানে বন্ধুসভার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বন্ধুসভার সভাপতি মো. মুহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, চ্যানেল আইয়ের প্রতিনিধি সরওয়ার আজম, বন্ধুসভার সহসভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দিল তাফরিহা ইসলাম, অর্থ সম্পাদক আবদুল মোনাফ, দপ্তর সম্পাদক দিদারুল আলম, সাহিত্য সম্পাদক আহমেদ শরীফ, সদস্য শাহনেওয়াজ ফরহাদ, শিরিন আকতার, উম্মুল রোকেয়া, জোবাইদা আক্তার প্রমুখ। এবারের উৎসবে যোগ দিচ্ছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও কক্সবাজার সরকারি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। ইন্টারনেট উৎসবে সহযোগী হিসেবে থাকছে, চ্যানেল আই, ফেসবুক, গুগল, অপেরা, উইকিপিডিয়া ও নকিয়া। উৎসবে ফেসবুক, গুগল, অপেরামিনি, উইকিপিডিয়া, নকিয়া, গ্রামীণফোন ও প্রথম আলোর সাতটি বুথ থাকবে। দর্শনার্থীরা এসব এক্সপেরিয়েন্স জোন থেকে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বুথগুলোতে নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রাখা হয়েছে।