১৬০ বছরের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল-সাদার দালান। ভবনের স্থাপত্যেও ঐতিহ্যের ছাপ। সীমানাপ্রাচীরে দেবদারুর সারি। মূল ফটক পেরিয়ে বিদ্যালয়ের উঠোনে পা রাখতেই রাজ্যের কোলাহল। গম গম করছে চার পাশ। ছোট ছোট দলে খেলছে শিশু-কিশোরের দল। নগরের পাথরঘাটার সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ের ক্লাস বিরতির সময়ের এ চিত্র প্রতিদিনের।শুরুটা ১৮৫৩ সালে। বিদ্যার আলো জ্বালাতে চট্টগ্রাম নগরের পাথরঘাটায় প্রতিষ্ঠিত হয় ইংরেজি মাধ্যমের বিদ্যালয়। ষষ্ঠ শতাব্দীর সেইন্ট প্লাসিডের নামানুসারে অ্যাংলো বেলজিয়ান বেনেডিক্টসরা এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ছিল চট্টগ্রামে ক্যাথলিক ধর্ম প্রদেশের অধীনে ডায়োসিস-প্রধান বিশপ কর্তৃত্বাধীন বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। বিদ্যালয়ের শিক্ষক স্টিফেন রোডি লুইস জানান, এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাস, বিশ্বযুদ্বের প্রভাব ও মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশের জন্ম সন থেকেই বাংলার সব পালা-পার্বণ ও উৎসব উদ্যাপন করে আসছে বিদ্যালয়টি। শুরুর দিকে বিশপ হলিক্রস বিদ্যালয় পরিচালনা করলেও ১৯২২ সালে ফাদার বুলেই দায়িত্ব হস্তান্তরের পর থেকে চার্চের অধীনে ব্রাদাররা বিদ্যালয় পরিচালনা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদ্যালয়টি বরিশালে স্থানান্তর করা হয়। পরে তা আবার চট্টগ্রামে ফিরিয়ে আনেন ব্রাদার বার্টিন। তখন ছাত্র ছিল মাত্র ৮০ জন। এরপর ১৯৭১ সালেও দীর্ঘদিন বন্ধ ছিল। তার পরবর্তী বছর থেকেই সম্পূর্ণ বাংলা মাধ্যমে পরিচালিত হয়ে আসছে আজও বিদ্যালয়টি। বর্তমানে পাঠদান চলে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত। শিক্ষক রয়েছেন ৬৫ জন। ফলাফলেও এগিয়ে শিক্ষার্থীরা। ১৫ বছর ধরে রেখেছে মাধ্যমিকে শতভাগ পাসের ধারাবাহিকতা।জানা যায়, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সৃজনশীল, দেশাত্মবোধ ও সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করা হয় বিদ্যালয়ের দুই হাজার ৩০০ শিক্ষার্থীকে। আছে বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট গ্রুপ, ডিবেটিং সোসাইটি ও ক্রীড়া সংগঠনের কার্যক্রম। থানা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পারদর্শিতা দেখিয়েছে বহুবার। বর্তমানে বিদ্যালয় পর্যায়ে বাস্কেটবল প্রতিযোগিতায় সেন্ট প্লাসিডস স্কুল জাতীয় চ্যাম্পিয়ন। বিদ্যালয়ের স্কাউট গ্রুপ ন্যাশনাল জাম্বুরিতে চ্যাম্পিয়ন হয়েছে বেশ কয়েকবার। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। সপ্তাহে শুক্র ও শনিবার সাংস্কৃতিক কমিটির অধীনে চলে শিক্ষার্থীদের সাংস্কৃতিচর্চা। এ ছাড়া প্রতিবছর ৫ অক্টোবর বিদ্যালয়ে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী উৎসব। এতে সারা দেশে থেকে আমন্ত্রিত অতিথিরা আসেন। বিদ্যালয়টি সার্বিক সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে প্রায় ৬৫ জন শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায়। বিদ্যালয়ের মাঠে কথা হয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অশোক পালের সঙ্গে। সে বলে, ‘অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক, কম্পিউটার ইত্যাদি শিখতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়। কিন্তু আমরা আমাদের স্কুলেই এসব শিখতে পারি।’ অশোকের সঙ্গে কথা বলার ফাঁকে জড়ো হয় আরও কয়েকজন। তাদেরও সবার সায় অশোকের কথায়। অভিভাবক ঝুমা আক্তার বলেন, পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেরও প্রয়োজন আছে। বাইরে খেলতে গেলে বা কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে খারাপ সঙ্গে পড়েছে কি না, তা নিয়ে শঙ্কা থাকত। এখন বিদ্যালয়ই বাচ্চার সব দায়িত্ব নিয়ে নিয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার লুইস প্রদীপ রোজিরিও বলেন, ‘মিশনারি স্কুল পরিচালনার লক্ষ্য ভিন্ন। ফলাফলনির্ভর নয়, একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। সামগ্রিক শিক্ষা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সব করার চেষ্টা করি। জাতীয় অনুষ্ঠানের পাশাপাশি আমরা গ্লোবাল ওয়ার্মিং, দুর্নীতি ইত্যাদি বিষয়ে সেমিনারের আয়োজন করি, যাতে শিক্ষার্থীরা এসব চিন্তাধারা কাজে লাগিয়ে ভবিষ্যৎ জীবনে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে।’