১৬৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুমে নির্বাচন আগামী ২ জুন। গত ৫ মে ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের দিন। এতে চেয়ারম্যান পদে ১৮ ও সদস্য পদে ১৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সদস্য পদে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সূত্র জানায়, সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁরা হলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম, জামায়াতের উপজেলা আমির রফিক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আলীম, সম্মিলিত নাগরিক কমিটির আবু ছৈয়দ ও ছৈয়দ আলম।

সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বিএনপির ছাহ্লা থোয়াই মারমা, আওয়ামী লীগের বাহাইন, মো. ইকবাল, অং থো হ্লাহ তঞ্চঙ্গ্যা, নুরুল আলম ও বশির আহমদ। ঘুমধুম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান দীপক বড়ুয়া, অরবিন্দ বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খালেদ সরওয়ার, স্বতন্ত্র রশিদ আহমদ, জাহাঙ্গীর আজিজ ও সঞ্জীব তঞ্চঙ্গ্যা।