১৬৭ কিলোমিটারে ঝুঁকিপূর্ণ ৬১ বাঁক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়কের ১৬৭ কিলোমিটারে ঝুঁকিপূর্ণ ৬১ বাঁকে বাড়ছে দুর্ঘটনা। এসব বাঁকে দিকচিহ্ন সংবলিত সতর্কীকরণ নির্দেশনাফলক (সাইনবোর্ড) নেই। ফলে দুই দিক থেকে আসা যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে। সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম মহাসড়কের লিংকরোড থেকে চকরিয়া উপজেলার হারবাং পর্যন্ত কক্সবাজার অংশের প্রায় ৭৭ কিলোমিটার সড়কে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে ৩৭টি। এসব বাঁকের কোনোটিতে ‘ডানে মোড়’, ‘বায়ে মোড়’ অথবা ‘সামনে আঁকাবাঁকা রাস্তা’ লেখা নির্দেশনাফলক চোখে পড়েনি।একইভাবে কক্সবাজার-টেকনাফ সড়কের প্রায় ৯০ কিলোমিটারে ঝুঁকিপূর্ণ ২৪টি বাঁকেও কোনো ফলক নেই। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, চট্টগ্রামের আজিজনগর থেকে চকরিয়ার খুঁটাখালী পর্যন্ত ২৬ কিলোমিটারের সড়কে অন্তত ২৫টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এসব বাঁকে নির্দেশনাফলক না থাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছেন। জানা যায়, ১৭ মার্চ বিকেলে চকরিয়ার মৌলভীরকূল এলাকার একটি বাঁক অতিক্রমের সময় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। এর আগে দুই মাসে বিভিন্ন সময় দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন জানান, গত বুধবার বিকেলে উখিয়ার পানেরছড়া টেক অতিক্রমের সময় একটি যাত্রীবাহী জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ জন আহত হয়েছেন। ১৮ ও ১৬ মার্চ কক্সবাজার সদরের ঈদগাঁহ, রামুর কালিছড়া ও চকরিয়ার ডুলাহাজারার বাঁকে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। পুলিশ সূত্র জানায়, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর ডুলাহাজারার এই বাঁক অতিক্রমের সময় গাড়ি উল্টে ঘটনাস্থলে মারা যান প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়েমুর রহমানসহ দুজন। সৌদিয়া পরিবহনের একটি চেয়ারকোচের চালক গোলাম কাদের (৪৫) জানান, চট্টগ্রাম থেকে যাওয়ার পথে বেশি ঝুঁকিপূর্ণ খরুলিয়া, বাংলাবাজার, রামুর পানিরছড়া, কালিরছড়া, ঈদগাঁহ, ফাঁসিয়াখালী, খুঁটাখালী, ডুলাহাজারা, মালুমঘাট, চকরিয়া, বরইতলী, হারবাংসহ ৪০টি বাঁক। এসব স্থানে দুর্ঘটনা ঘটে বেশি। কক্সবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম বলেন, এই সড়কে যাত্রীবাহী কয়েক শ দূরপাল্লার বাস ছাড়াও ১০ হাজারের বেশি ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, জিপ ও টমটম চলাচল করে। কিন্তু বাঁকগুলোতে সাইনবোর্ড লাগানোর গরজ অনুভব করছে না কেউ। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, সড়কের সব বাঁকে নির্দেশনাফলক লাগানো ছিল। কে বা কারা এসব খুলে নিয়ে গেছে। এখন নতুন করে ফলক লাগানোর চেষ্টা চলছে।