১৭ ইউপির আটটিতে বিএনপির প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭ ইউনিয়নের মধ্যে আটটিতে বিএনপির কোনো প্রার্থী নেই। এ কারণে অধিকাংশ ইউনিয়নে দলের ‘বিদ্রোহী’ ও জামায়াত–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই হচ্ছেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী।
সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. লোকমান হাকিম প্রথম আলোকে বলেন, সরকারি দলের নেতা-কর্মীদের দাপট ও পুলিশের ভয়ে বিএনপির স্থানীয় নেতারা চলমান ইউপি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখাচ্ছেন না। তারপরও জেলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে উপজেলার নয়টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩, সংরক্ষিত নারী সদস্যপদে ১২৩ ও সাধারণ সদস্য পদে ৫৫৭ জন প্রার্থী লড়ছেন। এখানে ৪ জুন নির্বাচন হওয়ার কথা।
সাতকানিয়া উপজেলা বিএনপি সূত্র জানায়, উপজেলার ঢেমশায় উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মজিদ, কেঁওচিয়ায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরমান হোসেন, পশ্চিম ঢেমশায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এম এ মোমেন, এওচিয়ায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সেলিমুল ইসলাম, নলুয়ায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শাহ আলম, আমিলাইষে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ বেলাল, বাজালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, পুরানগড়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও কাঞ্চনায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন। বাকি আটটি ইউনিয়নের মধ্যে ছদাহা, সোনাকানিয়া ও কালিয়াইশে বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি। চরতী ইউনিয়নে গিয়াস উদ্দিন শামীম সিকদার, সাতকানিয়া সদর ইউনিয়নে সামশুল আলম, খাগরিয়া ইউনিয়নে হারুনুর রশিদ ও ধর্মপুর ইউনিয়নে আজিজুল হক সিকদার মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেন। আর মাদার্শা ইউনিয়নে ফেরদৌস সিকদারের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
বিএনপির প্রার্থী না থাকার কারণ জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে খুবই উৎফুল্ল ছিলেন। কিন্তু সম্পন্ন হওয়া ইউপি নির্বাচনগুলোর কাড়াকাড়ি ও মারামারির অবস্থা দেখে তাঁরা হতাশ।
শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সম্পন্ন হওয়া ইউপি নির্বাচনে নানা অনিয়ম হয়েছে। এ কারণে আগামী ইউপি নির্বাচনগুলো নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তাই উপজেলার আটটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা সরে গেছেন।