১৭ কুমির ছানার স্বাধীন জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকে টানা দুই বছর ওদের দিন কেটেছে ছোট্ট একটি ঘরে। এখন ওরা বড় হয়েছে। নিজেরাই খাবার ধরে খেতে পারে। খপ করে জীবন্ত মুরগি আর মাছ ধরে খেতে পারে। মানুষ দেখলে হা করে তাকায়। ওজন যত বাড়ছে ততই সাহসী হয়ে উঠছে। ঘরে বন্দী হয়ে থাকার দিন শেষ। এখন ওরা স্বাধীন। আর এই স্বাধীন ১৭টি কুমির ছানাকে দেখে ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রতিদিন শত শত দর্শনার্থী উৎফুল্ল হয়। সাফারি পার্কে লোনা ও মিঠা পানির দুটো কুমির বেষ্টনীতে মোট কুমির আছে ৪৫টি। সমপ্রতি (গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে) সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে কুমির বেষ্টনীতে কয়েক শ শিক্ষার্থীর জটলা নজরে পড়ে। সবাই কুমির ছানার লাফালাফি দেখা নিয়ে ব্যস্ত। কুমির বেষ্টনীর তত্ত্বাবধায়ক মো. আবদুর রউফ তালুকদার হাততালি দিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন। তিনি জানান, ২০০৪ সাল থেকে এই কুমিরের সঙ্গে বসবাস। আমার হাততালি শুনলে পানির নিচ থেকে কুমির গুলো ডাঙায় উঠে আসে। অন্যের হাততালিতে কুমির সাড়া দেয় না। সাত বছরে ১৭ কুমির ছানা আবদুর রউফ তালুকদার জানান, দুই বছর আগে একটি লোনা পানির কুমির এই ১৭টি ছানার জন্ম দেয়। গত ১৫ ফেব্রুয়ারি ছানাগুলোর দুই বছর পূর্ণ হয়। এতদিন ছানাগুলোকে একটি খোঁয়াড়ে (ঘরে) আবদ্ধ রাখা হয়। গত ১৬ ফেব্রুয়ারি ১৭ কুমির ছাড়াকে অবমুক্ত করা হয়েছে। অন্য কুমিরগুলো বাচ্চা না দেওয়ার কারণ জানতে চাইলে সাফারি পার্কের ভেটেরিনারি সার্জেন ডা. মালেকুর রহমান জানান, প্রতিবছর মার্চ থেকে এপ্রিল মাসে মা কুমিরগুলো সর্বোচ্চ ৬০টা করে ডিম পাড়ে। কিন্তু তাপমাত্রার কারণে ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব হচ্ছে না। তা ছাড়া অবকাঠামোগত কিছু সমস্যাও রয়েছে। ডা. মালেক বলেন, ‘অবমুক্তির পর থেকে ১৭ কুমির ছানা রিষ্টপুষ্ট হচ্ছে। দুই বছর বয়সের এই কুমিরছানার দৈর্ঘ্য আড়াই থেকে তিন ফুট। ওজন চার থেকে ছয় কেজি। সব বাচ্চাই সুস্থ রয়েছে। আগে চিংড়ি খাইয়ে দেওয়া হতো। আর এখন ওরা মুরগি ধরে খায়। সাফারি পার্ক ভ্রমণে আসা পর্যটকের বেশির ভাগ এই কুমিরছানার দর্শক। সরেজমিনে দুই ঘণ্টা সরেজমিনে কুমিরবেষ্টনী পরিদর্শন করে দেখা গেছে, দুই ভাগ করা বেষ্টনীর দক্ষিণ পাশে মিঠাপানির কুমির লাফালাফি করছে। আর উত্তর পাশের বেষ্টনীতে ছোট একটি পুকুরে দৌড়ঝাঁপ করছে কুমিরছানাগুলো। দুটি বেষ্টনীতে কুমির রয়েছে ৪৫টি। বিপুলসংখ্যক দর্শনার্থী বেষ্টনীর পাশে দাঁড়িয়ে কুমিরছানার দৌড়ঝাঁপ দেখছে। কক্সবাজারের খরুলিয়া শিশু পরিবারের অষ্টম শ্রেণীর ছাত্রী লুবনা মারমা জানায়, ‘জীবনের প্রথম আমি জীবন্ত কুমির ও কুমিরছানা দেখছি। কুমির হাঁ করলে প্রচণ্ড ভয় লাগে।’ আবদুর রউফ তালুকদার জানান, সপ্তাহে একবার (মঙ্গলবার) কুমিরকে খাবার দিতে হয়। বড় কুমিরকে তিন কেজি ওজনের দুটি এবং ছোট কুমিরকে এক কেজি ওজনের একটা ফার্মের মুরগি খাওয়ানো হয়। তা ছাড়া লেকের মাছও এরা শিকার করে খায়। তবে শীতকালে হজমশক্তি কমে যায় বলে তেমন খাওয়া হয় না। এ সময় কুমির পানিতেও নামে না। দিনের বেলায় ডাঙায় থেকে সূর্যের তাপ গ্রহণ করে আর রাতের বেলায় পানিতে। দেখা গেছে, বড় কুমিরগুলো শীতের দুপুরে ডাঙায় উঠে চুপচাপ রোদ পোহাচ্ছে কিন্তু ছোটগুলো অস্থির কখনো জলে কখনো ডাঙায় লাফালাফি করছে। মালেকুর রহমান জানান, ১৭ কুমিরছানার প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। মার্চ-এপ্রিল মাসে আরও পাঁচটি কুমির অন্তত আড়াই শ ডিম দেবে। এই আড়াই শ ডিম থেকে যদি ২০০ কুমিরছানা পাওয়া যায়-তাহলে পার্কের চেহারা পাল্টে যাবে। আমরা এখন সেই লক্ষ্যেই এগোচ্ছি।