১৭ গ্রামে প্লাবন, চাষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুতুবদিয়ার ৪০ কিলোমিটার বেড়িবাঁধের ১৭ স্থানে ভেঙে গেছে। এসব ভাঙন দিয়ে প্রতি অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানি ঢুকে ১৭ গ্রাম প্লাবিত হচ্ছে। জোয়ারের পানি নোনা হওয়ায় এসব গ্রামের পুকুর ও খালের মাছ এবং জমির ফসল নষ্ট হচ্ছে। অনাবাদি থাকছে শত শত একর জমি। এলাকার কয়েক হাজার মানুষ চাষাবাদ করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন। সরেজমিনে দেখা গেছে, কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়া, তাবলেরচর, হায়দারপাড়া, কাহারপাড়া, তেলিপাড়া, কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদারপাড়া, মহাজনপাড়া, মফজল ডিলারপাড়া, মতির বাপেরপাড়া, দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘরপাড়া, আলি ফকির ডেইল, উত্তর ধুরুং ইউনিয়নের কাইছারপাড়া, পিল্লারপাড়া, চুল্লারপাড়া, চর ধুরুং, আকবর বলীপাড়াসহ ১৭টি এলাকায় বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। কৈয়ারবিল ইউনিয়নের মফজল ডিলারপাড়ার মোস্তফা খাতুন (৭৫) প্রথম আলোকে বলেন, ‘আমি এ পর্যন্ত পাঁচবার ঘূর্ণিঝড়ের কবলে পড়েছি। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে আমার ঘরবাড়ি এবং স্বামীসহ তিন সন্তান হারাই। তখন থেকেই বেড়িবাঁধের বাইরে ঝুপড়ি ঘরে জোয়ার-ভাটার স্রোতের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। ৯১ সালের ঘূর্ণিঝড়ের পর সৌদি আরবের আর্থিক অনুদানে বেড়িবাঁধ নির্মাণের সময় আমার বসতবাড়ি বেড়িবাঁধের বাইরে রেখে দেওয়া হয়। এরপর আমাকে পুনর্বাসনের জন্য সরকার কোনো উদ্যোগ নেয়নি।’ আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর ওয়ার্ডের সদস্য বখতিয়ার আলম বলেন, তাবলেরচর, হায়দারপাড়া, কাহারপাড়া ও আনিসের ডেইল এলাকায় চার কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। গত তিন বছর ধরে এলাকায় জোয়ারের সময় ২০০ হেক্টর ফসলি জমি প্লাবিত হচ্ছে। এসব জমি বর্তমানে অনাবাদি পড়ে আছে। সাম্প্রতিক পূর্ণিমার জোয়ারে তাবলেরচর এলাকায় ২০০ বাড়িতে পানি উঠেছে।। গৃহহারা হয়ে তাবলেরচর এলাকার ৫০০ মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান ও কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি আ স ম শাহরিয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, পিল্লারপাড়া, চর ধুরুং, কাইছারপাড়ার এক কিলোমিটার বেড়িবাঁধ গত অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে বিলীন হয়ে যায়। গত ১৮-২৫ জুলাই পানি উন্নয়ন বোর্ডের আওতায় স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের উদ্যোগে কাইছারপাড়ার ৪০০ মিটার বেড়িবাঁধ অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কুতুবদিয়া উপজেলার শাখার কর্মকর্তা আবদুচ ছাত্তার প্রথম আলোকে বলেন, দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৬ কিলোমিটার ঝুঁকিপূর্ণ, পাঁচ কিলোমিটার সম্পূর্ণ বিলীন। তাবলেরচর ও হায়দারপাড়ার তিন কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণের জন্য তিনটি প্রকল্প তৈরি করে ৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আলী আকবর ডেইল জেলেপাড়ায় ১৪০ মিটার, কাহারপাড়ায় ৭০ মিটার বেড়িবাঁধ অস্থায়ীভাবে নির্মাণের কাজ চলছে। উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের সময় ১৭টি এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে ২৫টি গ্রাম প্লাবিত হচ্ছে। বর্তমানে কয়েক হাজার মানুষ গৃহহারা হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাবলেরচর ও বায়ুবিদ্যুৎ এলাকায় ৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদার এখনো কাজ শুরু করেননি।