১৭ বছর ধরে পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরাজীর্ণ দোতলা ভবনের গায়ে বড় বড় পরগাছা। চার পাশও ছেয়ে আছে গুল্ম-লতাপাতায়। এসব পরগাছা ও লতাপাতা দেখে যে কারও মনে হবে ভবনটি এখন সাপের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। মিরসরাইয়ের একমাত্র মা ও শিশুকল্যাণকেন্দ্রে গিয়ে দেখা গেল এমন বেহাল চিত্র। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের কমরআলী বাজারের পাশে এই মা ও শিশুকল্যাণকেন্দ্রটি অবস্থিত। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রায় ১৭ বছর আগে এটি পরিত্যক্ত ঘোষণা হয়। এলাকাবাসী জানান, কেন্দ্রটির চারপাশে রাতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। স্থানীয় নেশাখোরেরা লিপ্ত হয় অসামাজিক কাজে। কিন্তু নতুন করে ভবন তৈরি ও চিকিৎসক নিয়োগ না দেওয়ায় এলাকার সাধারণ মানুষ মা ও শিশু চিকিৎসায় উপযুক্ত সেবা পাচ্ছেন না। সরেজমিনে দেখা যায়, মা ও শিশুকল্যাণকেন্দ্রের ভবনটিতে ঢোকার কোনো পরিবেশ নেই। কেন্দ্রের একমাত্র পরিবার কল্যাণ পরিদর্শিকা সীতা রানী পাশে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের একটি কক্ষে বসে কাজ করছেন। তিনি জানান, মা ও শিশুকল্যাণকেন্দ্রটিতে একসময় একজন চিকিৎসা কর্মকর্তা, একজন সেবিকা, কয়েকজন পরিবার কল্যাণ পরিদর্শক ছিলেন। দোতলা ভবনের ভেতরে একাধিক শয্যা ছিল। বর্তমানে কেন্দ্রের একমাত্র কর্মচারী হিসেবে তিনিই দায়িত্ব পালন করছেন। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাশের স্বাস্থ্য ও পরিবারকেন্দ্রের একটি কক্ষে বসে কাজ করেন তিনি। সীতা রানী জানান, কেন্দ্রটির জন্য প্রতিমাসে একটি ডিডিএস কিট (২৬-২৭ ধরনের ওষুধভর্তি বাক্স) বরাদ্দ হয়। শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কোনো বরাদ্দ নেই। তবে বরাদ্দ না থাকলেও তাঁরা গ্রামের সেবাগ্রহীতাদের শিশুর স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক পরামর্শ দিয়ে থাকেন। তাঁর মতে, কেন্দ্রটি চালু করা গেলে এই অঞ্চলের মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখা সম্ভব হতো। স্থানীয় বাসিন্দা জোবায়ের লিটন বলেন, কমরআলী বাজার থেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। গ্রামের দুস্থ পরিবারগুলোর অসুস্থ শিশুকে রিকশা-অটোরিকশায় করে সেখানে নেওয়া-আনার খরচ জোগানো সম্ভব হয় না। তিনি পরিত্যক্ত মা ও শিশুকল্যাণকেন্দ্রটি পুনরায় চালু করার দাবি জানান।একই এলাকার আব্দুল মান্নান ও আবুল হোসেন জানান, তাঁরা ভুলেই গেছেন তাঁদের এলাকায় একটি মা ও শিশুকল্যাণকেন্দ্র ছিল। শিশু রোগীদের চিকিৎসার জন্য তাঁরা গ্রাম্য চিকিৎসকদের ওপর নির্ভরশীল। বড় ধরনের সমস্যা দেখা দিলে শিশুদের নিয়ে কোনো বেসরকারি হাসপাতাল অথবা চট্টগ্রাম শহরের মা ও শিশু হাসপাতালে দৌড়াতে হয়। হাইতকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, পরিত্যক্ত ভবনটির জায়গায় নতুন ভবন করে মা ও শিশুকল্যাণকেন্দ্রটি পূর্ণাঙ্গরূপে চালু করা হলে তা এ অঞ্চলের সব শ্রেণীর মানুষ উপকৃত হবে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. লোকমান হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোবারক উল্লাহ জানান, ঝুঁকিপূর্ণ হওয়ায় মা ও শিশুকল্যাণকেন্দ্রটি পরিত্যক্ত হয়েছে। তবে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভায় সাতটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তা ছাড়া ১৪টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে বিভিন্ন ইউনিয়নে। এসব কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যের চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয়। তবে পরিত্যক্ত কেন্দ্রটি পুনরায় চালু করা দরকার বলে তাঁরা মন্তব্য করেন।