পটিয়া উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৩ অক্টোবর রাতে মিয়ানমারের ১৭ জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মো. ইদ্রিস (২২), মো. আইয়ুব (২০), মো. কালু (২৬), আজিজুল হক (২৪), আবদুল হাই (২৪), আমির হোসেন (২০), মো. হোসেন (২২), মো. ইউছুফ (২৬), আবদুর রহমান (২০), মো. ফয়েজ (২০), সাইফুল ইসলাম (২০), মীর আহমদ (২০), এবাদুল্লাহ (২২), মো. আনোয়ার (২২), মোহাম্মদ আলী (৩৩), আবদুল মজিদ (২১) ও মো. সালাম (২১)।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ প্রথম আলোকে জানান, এ দেশের পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বসবাসকারী মিয়ানমারের নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন দুর্গাপূজা ও ঈদুল আযহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইনে মামলা হয়েছে বলে ওসি জানান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন। খোঁজ নিয়ে জানা যায়, পটিয়া পৌর এলাকার তালতলা চৌকি, বিওসি রোড, গোবিন্দারখীল, বাহুলী, হাইদগাঁও, ইন্দুপোল, কোলাগাঁওসহ উপজেলার বিভিন্ন গ্রামে ভাড়া বাসা নিয়ে কয়েক হাজার রোহিঙ্গা নাগরিক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।