১৭২৮০ বর্গফুটের লাল-সবুজ পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশাল পতাকা তুললেন শিক্ষার্থী ও গ্রামবাসী। ছবি: সংগৃহীত
বিশাল পতাকা তুললেন শিক্ষার্থী ও গ্রামবাসী। ছবি: সংগৃহীত

বিজয় দিবস। তাই একটি বড় পতাকা বানাবেন তাঁরা। দুজনের আড্ডায় এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে মাথায় চাপল দুশ্চিন্তাও। বড় তো, কিন্তু কত বড়? তা ভাবতে ভাবতেই সেদিন ঘরে ফিরেছিলেন সুমন বণিক ও মেহেদী হাসান। তবে সমাধান মিলল রাতেই—মাঠ যত বড়, পতাকাও হবে তত বড়।

দুজন সকালেই চলে গেলেন বিজরা রহমানিয়া চির সবুজ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে। মাপ নিলেন। ততক্ষণে দুজনের সঙ্গে তাল মিলিয়েছেন তাঁদের আরেক বন্ধু জহির উদ্দিন। এরপরই এগোতে থাকে কাজ। বিজয় দিবসে পূরণ হলো তাঁদের বড় পতাকা বানানোর স্বপ্ন। সে পতাকার আকার হয়েছিল ১৭ হাজার ২৮০ বর্গফুট। যা দৈর্ঘে–প্রস্থে দাঁড়ায়—১৮০ ফুট ও ৯৬ ফুট।

১৮ ডিসেম্বর সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চবিদ্যালয় ও কলেজের শহীদ মিনারের বেদিতে বসেই কথা হচ্ছিল তিন তরুণের সঙ্গে। জহির উদ্দিন বলেন, ‘ব্যতিক্রমী কিছু করে আমাদের গ্রামকে পরিচয় করানোর চিন্তা থেকেই এটা হয়েছে।’

পরিকল্পনা যখন পাকা, তখনই তাঁরা গড়ে তুললেন বিজরা ঐক্য মঞ্চ। নিজেদের ইচ্ছার কথা জানালেন গ্রামের মানুষদের। বিষয়টি সবাই নিলেন ইতিবাচকভাবে। সুমন বণিক বলছিলেন, ‘আমরা ভরসা পেলাম। তত দিনে বিদ্যালয়ে মাঠের আয়তন বিবেচনা করে পতাকার মাপ নির্ধারণ করা হয়েছে। এই কাজটি করেছেন ছোট লক্ষ্মীপুর গ্রামের জহিরুল ইসলাম।’

পতাকার মাপ ঠিক হলো। কিন্তু খরচ। সেটাও তাঁরা জেনে নিয়েছেন দরজির কাছ থেকে। খরচ হবে প্রায় ৯০ হাজার টাকা। এলাকাবাসী এগিয়ে এলেন আর্থিক সহযোগিতায়। ৩০ হাজার টাকা জমা হলো। কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা নেহাত কম। তিন বন্ধু তখন মরিয়া। যে করেই হোক বানাতে হবে। সিদ্ধান্ত নিলেন, তিনজনে দেবেন বাকি টাকা। জহিরুল বললেন, ‘আমরা তিনজনেই এলাকায় ব্যবসা করি। নিজেদের ইচ্ছে পূরণ করতে টাকাটা বাধা হয়নি।’

জহির উদ্দিন, মেহেদী হাসান ও সুমন বণিকেরাই উদ্যোগ নিয়েছিলেন পতাকা বানানোর। ছবি: ছুটির দিনে
জহির উদ্দিন, মেহেদী হাসান ও সুমন বণিকেরাই উদ্যোগ নিয়েছিলেন পতাকা বানানোর। ছবি: ছুটির দিনে

দরজির নাম খোরশেদ আলম

বিজরা বাজারের সৌখিন টেইলার্সের স্বত্বাধিকারী খোরশেদ আলম। তাঁর কাঁধেই পড়েছিল অতিকায় এই পতাকা বানানোর কাজ। কাজের ফরমায়েশ পেয়েই নেমে পড়েন বানাতে। খোরশেদ আলম হিসাব জানালেন, পতাকা বানাতে ২ হাজার ৪০০ গজ কাপড় লেগেছে। কাপড়ই কেনা হয়েছে ৪৮ হাজার টাকার।

৮ থেকে ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সময় লেগেছিল পতাকা বানাতে। তাঁকে সহযোগিতা করেছেন ছেলে ফয়সল হোসেন ও দোকানের কর্মী আবুল কালাম। খোরশেদ আলম বলেন, ‘এত বড় কাজ কখনো করিনি। ব্রেইন (মাথা) খাটিয়ে করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। সময়ও বেশি লেগেছে। তবে কাজটি হওয়ার পর মনে হয়েছে, দেশের জন্য কিছু একটা করেছি।’ পতাকা বানানোর জন্য তিনি মজুরি বাবদ পেয়েছেন ১৬ হাজার টাকা।

বিজয়ের পতাকা

আগেভাগেই সব প্রস্তুতি নেওয়া ছিল। ভোরেই আনা হলো পতাকা। ১৬ ডিসেম্বর সকালটা ছিল কুয়াশা মোড়ানো। বিজরা, বনকড়া, গালিমপুরসহ আশপাশের গ্রাম থেকে গায়ে কুয়াশা মেখেই দল বেঁধে ছুটে এল হাজার হাজার মানুষ। এল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল নয়টা বাজার আগেই বিদ্যালয় প্রাঙ্গণ যেন ‘তিল ঠাঁই আর নাহি রে’!

ঘড়ির কাঁটায় ঠিক নয়টা বাজার সঙ্গে সঙ্গেই পতাকা তোলা হলো। তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মিলে উঁচু করে ধরলেন পতাকা। সমবেত কণ্ঠে গাইলেন জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’। প্রায় এক ঘণ্টা চলেছিল পতাকা উত্তোলনের সে আয়োজন।

মেহেদী হাসান বললেন, ‘শুরুতে উদ্যোগটা কঠিন মনে হলেও পরে যখন হয়ে গেল, তখন নিজেদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই বাহবা দিল। ভালো কাজ করার আন্দনই অন্য রকম।’

তরুণদের এমন উদ্যোগে গ্রামের সবাই খুশি। এই গ্রামের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কণ্ঠে ধরা পড়ল সে সুর, ‘লড়াই করে দেশ ও পতাকা এনে দিয়েছি। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ওই পতাকা বানিয়েছে।’

এত বড় পতাকা তো আর প্রচলিত বাঁশের বা ইস্পাতের খুঁটিতে ওড়ানো সম্ভব না। তাই মাঠে সবাই মিলে ধরে পতাকা ওড়ান মাথার ওপর।