কক্সবাজারের চকরিয়া উপজেলার সর্বশেষ ছয়টি ইউনিয়নের নির্বাচনে সবাইকে চমকে দিয়ে ছয়টিতেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অনেকে বলছেন, বিএনপির দুর্গ বলে খ্যাত এই চকরিয়ার ১৮টি ইউনিয়নের ১১টিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জয়লাভের অর্থই হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর জন্য বিপদসংকেত।সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ১৪ জুন উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচিত হন আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান প্রার্থীরা। এর মধ্যে পূর্ব বড়ভেওলা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম খলিল, কোনাখালী ইউনিয়নে দিদারুল হক সিকদার, বদরখালী ইউনিয়নে নূরে হোছাইন আরিফ, বিএম চর ইউনিয়নে বদিউল আলম, ঢেমুশিয়া ইউনিয়নে রুস্তম আলী ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে মো. সাহাব উদ্দিন। এর আগে ১১ ও ৮ জুনের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী, মো. জসিম উদ্দিন, আজিমুল হক ও কামাল হোসেন। এই উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগ, চারটিতে বিএনপি ও তিনটিতে জামায়াতে ইসলামীর সমর্থক চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। ভোটাররা জানান, বদরখালী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নসহ সবকটি ইউনিয়নে আগে বিএনপি-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নিজেদের মধ্যে কোন্দল, দলাদলিতে ভোটাররা হয়েছেন বিভ্রান্ত। ফলে বিএনপি-সমর্থক প্রার্থীরা ভোট পাননি। বদরখালী ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ জানান, ভোটাররা এখন অনেক বেশি সচেতন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এখানে যেভাবে প্যারাবন, চিংড়িঘের, লবণ মাঠ দখল করা হয়েছে, তা এখন নেই বললেই চলে। সাধারণ ভোটাররা এ সরকারকে বহু নিরাপদ মনে করছেন। তাই ভোটাররা তথাকথিত ভোটব্যাংক বা ঘাঁটি ভেঙে স্বাধীনভাবে যোগ্য প্রার্থীর পক্ষে রায় দিয়েছেন। চকরিয়া পৌরসভার সাবেক মেয়র জাফর আলম জানান, উপকূলীয় জনপদের মানুষ এখন জেগে উঠেছেন। তাঁরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি জানান, ঐক্যবদ্ধভাবে অথবা মহাজোটগতভাবে আমরা প্রতিটা ইউনিয়নে একক প্রার্থী দাঁড় করালে চকরিয়া ও পেকুয়া উপজেলার সবকটি ইউনিয়নে জয়লাভ সম্ভব হতো। কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করে আমরা দলীয়ভাবে কোনো প্রার্থী দাঁড় করাইনি। ফলে একটি ইউনিয়নে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বহু ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীর। বিএনপির ভরাডুবি প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ জানান, এ ব্যাপারে তিনি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না। কারণ সব সাংবাদিক তাঁর বিরুদ্ধে লেখেন।