পৌরসভা নির্বাচন: চকরিয়া পৌরসভা
১৮ কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ, শঙ্কিত ভোটার ও প্রার্থীরা
প্রচারণায় হামলা, মারামারি, সংঘর্ষ ও কর্মী-সমর্থকদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হুমকি-ধমকি—এর মধ্য দিয়েই ঘনিয়ে আসছে চকরিয়া পৌরসভা নির্বাচন। এসব কর্মকাণ্ডে শঙ্কিত প্রার্থী ও ভোটাররা। নির্বাচন কমিশনও নয়টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
২০ মার্চ এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, সব কটি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে বিবেচনা করার হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব দায়িত্ব পালন করবে। সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রশাসনের আশ্বাসেও শঙ্কা কাটছে না ভোটারদের। বিমানবন্দরপাড়ার বাসিন্দা সাহাবউদ্দিন (৩৫) বলেন, ‘প্রকাশ্যে যেভাবে হামলা শুরু হয়েছে, আমরা ভোট কেন্দ্রে যেতে পারব কি না সন্দেহ রয়েছে। পর্যাপ্ত র্যাব-বিজিবি না থাকলে ভোটাররা কেন্দ্রে যাবেন না।’
প্রার্থীরাও ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম ৭ মার্চ সংবাদ সম্মেলন করে তাঁর ওয়ার্ডের দুই কেন্দ্রেই নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। রেজাউল করিম বলেন, চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় ও হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটি অতি ঝুঁকিপূর্ণ। একজন প্রার্থী এখন থেকেই ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন।
একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হকও কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘ভোটারেরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা চাই সুষ্ঠু ভোট হোক।’
বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী নুরুল ইসলাম হায়দারও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে সার্বক্ষণিক র্যাব ও বিজিবি রাখতে হবে। এখনই আওয়ামী লীগের প্রার্থী হামলা ও প্রচারণায় বাধা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ অশান্ত করে তুলেছেন। জানি না, নির্বাচনের দিন কী ঘটে?’
তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী বলেন, ‘কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বলব না। তবে প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, যাতে ভোটারদের মনে কোনো শঙ্কা না থাকে, তাঁরা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন।’
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনে এক প্লাটুন বিজিবি ও র্যাবের চারটি টিম থাকবে। এ ছাড়া ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত সার্বক্ষণিক চারজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ৩ মার্চ থেকে চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন। তিনিও ২১ মার্চ পর্যন্ত মাঠে থাকবেন। জানতে চাইলে কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, ১৮টি কেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এটি ভোটারদের নেতিবাচক হিসেবে নেওয়ার দরকার নেই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে। ভোটাররা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিয়ে তাঁদের যোগ্য ও কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারবেন।