১৮ দলীয় জোটে চকরিয়ায় ৩ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আছে মাত্র তিনটি দলের—বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট। বাকি ১৫ দলের কোনো অস্তিত্ব নেই। উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান ওরফে খোকন মিয়া বলেন, ‘বর্তমান সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করতে বিএনপি আরও ১৭টি দল নিয়ে মহা ঐক্যজোট গঠন করেছে। চকরিয়ায় কিছু দলের অস্তিত্ব না থাকলেও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।’ রাজনৈতিক দলের স্থানীয় নেতারা জানান, জোটের বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও পিপলস লিগের কোনো কার্যক্রম নেই।জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘সরকারের দমননীতির কারণে আমরা সরাসরি মাঠে নেমে আন্দোলন করতে পারছি না। তবে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আমাদের সাংগঠনিক তৎপরতা রয়েছে। রয়েছে শক্তিশালী কমিটিও। সময় হলে আমরা মাঠে নামব।’নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির কয়েকজন নেতা বলেন, দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলা বিএনপিরই জোরালো সাংগঠনিক কার্যক্রম নেই। দায়সারাভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হচ্ছে। তিন দিনের হরতালে ছাত্রদল, যুবদল ছাড়া অন্য কাউকে মাঠে দেখা যায়নি। এমনকি সংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে কোনো কার্যালয় নেই। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বলেন, ‘এই উপজেলায় ১৮ দলীয় জোটের ১৫ দলের কোনো অস্তিত্ব নেই। নামসর্বস্ব দল নিয়ে জোট করলে তাতে দেশের কোনো কল্যাণ হবে না।’