১৮ বছর পর রুমা সাঙ্গু সেতুর নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান-রুমা সড়কের অর্ধনির্মিত রুমা সাঙ্গু সেতুর নির্মাণকাজ ১৮ বছর পর আবার শুরু হয়েছে। সেনাবাহিনীর ১৯ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন (ইসিবি) এই প্রকল্পের কাজ করছে বলে জানা গেছে। তিন বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ হলে জেলার সঙ্গে রুমা উপজেলার যোগাযোগ সুগম এবং আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। জানা যায়, রুমাবাসীর দাবির মুখে সেনা গ্যারিসনের এক নম্বর ঘাটে ১৯৯২ সালে প্রায় আট কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রুমা সাঙ্গু সেতুর নির্মাণকাজ শুরু করেছিল। সওজের কর্মকর্তারা বলেছেন, সেতুর নির্মাণকাজ শুরু করার সময় উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ না থাকায় রক্ষণাবেক্ষণ খাত থেকে এর খরচ চালানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে মন্ত্রণালয়ে বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও আর কোনো অর্থবরাদ্দ না পাওয়ায় সেতুর মাত্র ১৫ শতাংশ নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়েছে। সওজ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে বিএনপি সরকার সেতুর নির্মাণকাজ প্রথম শুরু করে। কিন্তু তাঁরা দ্বিতীয়বার ক্ষমতায় গেলেও সেতুটির নির্মাণকাজ শেষ করেননি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির শুরু করা কাজ বলে সেতুর নির্মাণকাজে হাত দেননি। পরে বিএনপি জোট আবার ক্ষমতায় এলেও বান্দরবানের মানুষ বিএনপিকে ভোট না দেওয়ার অজুহাতে অর্ধনির্মিত সেতুর কাজ আর শেষ করা হয়নি। এভাবে রাজনীতির দোলাচালে সেতুর কাজ থমকে যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বান্দরবানে সওজের সদ্য বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী শীতাংশু বিকাশ সাহা ও বর্তমান নির্বাহী প্রকৌশলী বিকাশচন্দ্র দাশ জানিয়েছেন, বহু দেনদরবার করেও বরাদ্দ না পাওয়ায় ২১৭ মিটার দীর্ঘ সেতুর ১৫ শতাংশ কাজ শেষ হওয়ার পর আর কাজে হাত দেওয়া যায়নি। সংশোধিত প্রকল্পে এ সেতু এখন সেনাবাহিনীর প্রকৌশল শাখা নির্মাণ করবে। তবে যথাসময়ে সেতুর কাজ শেষ না হওয়ায় বর্তমানে তিন গুণ ব্যয় বেড়েছে। অবশ্য সংশোধিত প্রকল্পে এক কিলোমিটার সড়ক ও বেইলি সেতু নির্মাণ সংযোজন করাতে ব্যয় বেশি হচ্ছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। সেনাবাহিনীর প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, যোগাযোগ মন্ত্রণালয় থেকে সেনা প্রকৌশল শাখাকে নির্মাণকাজের দায়িত্ব দেওয়ার পর ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ঠিকাদার নিয়োগ, শ্রমিক-ছাউনি নির্মাণসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হলে পুরোদমে নির্মাণকাজ চলবে। সেনাবাহিনী ১৯ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন এ নির্মাণকাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্রগুলো জানায়, ২০০৮ সালের ১৮ মে প্রথম আলোর সেতু সংখ্যায় এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশের পর একই বছরের ১০ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সরেজমিন পরিদর্শন করেছেন। তখন অর্ধনির্মিত সেতুটি নির্মাণের জন্য ২৪ কোটি ৬০ লাখ টাকার নতুন সংশোধিত প্রকল্প তৈরি করা হয়। একই সঙ্গে প্রকল্পটি সওজ থেকে সেনাবাহিনীর প্রকৌশল নির্মাণ বিভাগে হস্তান্তরের জন্য সুপারিশ করা হয়েছিল। তিন বছর মেয়াদের এ প্রকল্পে সেতু নির্মাণ শেষ করার পাশাপাশি এক কিলোমিটার সড়ক ও সেতুর দুই পাশে সংযোগ সড়ক, ছোট আকারের দুটি বেইলি সেতু নির্মাণ করা হবে বলে সূত্র জানায়। উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেছেন, ‘রুমাবাসীর দীর্ঘদিনের দাবি অর্ধনির্মিত সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলে উপজেলার প্রায় ৩০ হাজার মানুষের জীবনমানে আমূল পরিবর্তন ঘটবে। সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে উঠলে স্থানীয় উৎপাদনকারীরা পণ্য জেলা শহরে নিয়ে বেচতে পারবেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত সমস্যারও সমাধান হবে।’