১৮ বছরেও নিজস্ব ভবন হয়নি কাপ্তাই থানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর ধরে অস্থায়ী কার্যালয়ে চলছে কাপ্তাই থানার কার্যক্রম। অথচ ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে ১০ বছর আগে। কিন্তু এখনো প্রয়োজনীয় জমি পাওয়া যাচ্ছে না। ফলে অস্থায়ী কার্যালয়ে দৈনন্দিন কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন পুলিশ সদস্যরা। রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ-উল-হাসান জানান, ১৯৯৪ সালে কাপ্তাই থানার কর্যক্রম শুরু হয়। আগে এই এলাকাটি ছিল চন্দ্রঘোনা থানার অধীনে। কিন্তু চন্দ্রঘোনা থানা কর্ণফুলী নদীর ওপারে হওয়ায় এপারের মানুষকে ভোগান্তি পোহাতে হতো। তাই চন্দ্রঘোনাকে পৃথক করে কাপ্তাই থানা করা হয়। জানা যায়, প্রশাসন সাময়িকভাবে কাপ্তাই উপজেলা আদালত ভবনে কাপ্তাই থানার কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেয়। কথা ছিল অতি দ্রুত নতুন ভবন নির্মাণ করা হবে। এজন্য ২০০২ সালে অর্থও বরাদ্দ হয়। কিন্তু জায়গা না পাওয়ায় ভবন নির্মাণ সম্ভব হয়নি।থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, থানায় বর্তমানে ৫২ জন পুলিশ সদস্য ও সাত-আটজন কর্মকর্তা আছেন। নিয়ম অনুযায়ী পুলিশ সদস্যসহ সব কর্মকর্তাকে থানা ভবন এলাকায় অবস্থান করতে হবে। কিন্তু আদালত ভবনের তিনটি কক্ষকে থানা হিসেবে ব্যবহার করায় কর্মকর্তা ও সদস্যরা থাকেন ভাড়া বাসায়। ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। তিনি জানান, থানা ভবনের জন্য দুই একর জমি প্রয়োজন। কাপ্তাই থানার সাবেক ওসি (বর্তমানে এএসপি) হুমায়ুন কবীর সরকার জানান, নতুন থানা ভবন নির্মাণের জন্য কমপক্ষে ১০টি জায়গা চিহ্নিত করা হয়। কিন্তু জমিগুলো সড়ক ও জনপথ (সওজ), বন বিভাগ, কর্ণফুলী কাগজকল অথবা ব্যক্তিমালিকানার। সরকারি কোনো খাসজমি সুবিধাজনক স্থানে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কাপ্তাই উপজেলার একজন জনপ্রতিনিধি বলেন, অনেক সংস্থার জমি ২০ থেকে ২৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই জমি থানা ভবন নির্মাণের জন্য ব্যবহার করা যেতে পারে। এ প্রসঙ্গে পুলিশ সুপার মাসুদ-উল-হাসান বলেন, কোনো সংস্থার জমি অলস পড়ে থাকলেও সেখানে থানার জন্য ভবন নির্মাণ করার সুযোগ নেই। তবে ওই সংস্থা যদি ভবন নির্মাণ করার জন্য জমি কাপ্তাই থানার নামে লিখে দেয়, সে ক্ষেত্রে কাজ করা যেতে পারে। এ ব্যাপারে প্রশাসনিক উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি।