১৮ বছরেও পূর্ণতা পায়নি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার
নিচ থেকে মাটি সরে যাওয়ায় মূল বেদি হেলে পড়েছে। সীমানাপ্রাচীরে ব্যবহার করা লোহার রড চুরি হয়ে গেছে। রাতে অন্ধকারে ডুবে যায় শহীদ মিনার এলাকা। সন্ধ্যার পর বখাটে লোকজনের আনাগোনা শুরু হয়। এই চিত্র কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের।১৯৯২ সালের মাঝামাঝিতে ইট-সিমেন্ট আর লোহা দিয়ে শহীদ মিনারের যে কাঠামো দাঁড় করানো হয়েছিল, এখনো তা-ই আছে। ১৮ বছর পরও সংস্কার হয়নি। প্রতিবছর মহান একুশে ফেব্রুয়ারি এলে শহীদ মিনারে চুনকাম করা হয়। এরপর আর খবর থাকে না। এ অবস্থার জন্য আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক নেতাদের উদাসীনতা ও পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতি দায়ী বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন মহলের দাবির মুখে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওমর ফারুককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি কয়েকটি সভা ছাড়া আর কিছুই করতে পারেনি। অবশ্য পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ জানিয়েছেন, আগামী বছরই নতুন শহীদ মিনার তৈরি করা হবে।সম্প্রতি চার দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা মেলা হয়ে গেল পর্যটন শহরে। প্রথম দিন দেশ-বিদেশের আড়াই শতাধিক কবি শহীদ মিনারে পুষ্পমাল্য দিতে যান। তাঁদের অনেকে শহীদ মিনারের বর্তমান অবস্থা দেখে হতাশ হন।১ ফেব্রুয়ারি শহীদ মিনারের পাশে ক্রিকেট খেলতে আসা কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র খুরশেদ আলম ক্ষোভের সঙ্গে জানায়, ‘পৌরসভা কর্তৃপক্ষ নালা-নর্দমা, রাস্তার উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করে। অথচ আমরা শুনি শহীদ মিনারের সংস্কারে তহবিল থাকে না।’ জানা যায়, স্বাধীনতার পর প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে মাঠে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতায় শহীদ সরণিতে (সাবেক সার্কিট হাউস সড়ক) জেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তাপস রক্ষিত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম জানান, ‘শহীদ মিনারের মূল বেদিতে পৌরসভা কর্তৃপক্ষ “সার্বিক ব্যবস্থানায় কক্সবাজার পৌরসভা” শিরোনামে একটি ফলক ঝুলিয়ে দায়িত্ব শেষ করেছে। বেহাল দশা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।’ জেলা উদীচীর সাধারণ সম্পাদক কল্যাণ পাল বলেন, ‘কক্সবাজার এখন আন্তর্জাতিক পর্যটননগর। এখানে প্রতি বছর দেশ-বিদেশের ১০-১৫ লাখ মানুষ ভ্রমণে আসেন। শহীদ মিনার আমাদের স্মৃতির মিনার, স্বাধীনতার স্বপ্নসোপান। অথচ কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান অবস্থা দেখলে খুব কষ্ট হয়। পর্যটকদের কাছে আমরা আমাদের অহংকারের স্মারকটাও তুলে ধরতে পারছি না।’ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাজাহান ক্ষোভের সঙ্গে বলেন, ‘প্রশাসন বা পৌর কর্তৃপক্ষ এটি সংস্কার করতে না পারলে আমাদের বলুক, আমরা চাঁদা তুলে নতুন মিনার গড়ব।’পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ এ ব্যাপারে বলেন, ‘এ বছরও হয়তো শহীদ মিনার চুনকাম করে একুশ পালন করতে হবে। আগামী বছর নতুন শহীদ মিনার তৈরির পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থবরাদ্দ দেবে।