১৮ মাসের মধ্যে ১২ মাসই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের অভাবে বছরের প্রায় সময় বন্ধ থাকছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। সর্বশেষ গত ১৮ মাসের মধ্যে ১২ মাসের বেশি সময় বন্ধ ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত এ প্রতিষ্ঠান। এদিকে বছরের অধিকাংশ সময় কারখানা চালু না থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, বাড়ছে মেরামত ব্যয়।কারখানার প্রধান পরিচালন কর্মকর্তা আ জ ম আতাউল করিম প্রথম আলোকে জানান, গ্যাস-সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ থাকলে পাইপলাইন, বয়লার, রিয়েক্টর ও কনভেয়ার বেল্টসহ বিভিন্ন যন্ত্রপাতিতে সমস্যা দেখা দেয়। ফলে সারাক্ষণ মেরামতের কাজ করতে হয়। কারখানা পুরোনো হয়ে পড়ায় এ সমস্যাটি এখন বাড়ছে। সিইউএফএল সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত গ্যাসের অভাবে কারখানা বন্ধ ছিল। গ্যাস পেয়ে অক্টোবরের মাঝামাঝি সময়ে কারখানা চালু করা হলেও ২০১১ সালের ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে কারখানা বন্ধ হয় সাত বার। এরপর ১৬ মার্চ থেকে কারখানা একটানা বন্ধ থাকে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর কারখানা চালু হলেও ২১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পসময়ে কারখানা বন্ধ হয় চার বার। সব মিলিয়ে ২০১০ সালের জুলাই থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ১৮ মাসে কারখানা বন্ধ ছিল ১২ মাসেরও বেশি সময় । এর মধ্যে কয়েকবার যান্ত্রিক ত্রুটির কারণেও কারখানা বন্ধ ছিল। কারখানার কর্মকর্তারা জানান, সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বার্ষিক পাঁচ লাখ ৬১ হাজার মেট্রিক টন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। এদিকে, কারখানা বন্ধ থাকলে উৎপাদন ব্যাহত হয়ে আয় না হলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ অর্থ গুনতে হচ্ছে। কারখানার হিসাব বিভাগীয় প্রধান (অতিরিক্ত প্রধান হিসাবরক্ষক) মো. রিয়াজুল হাসান বলেন, কারখানায় বর্তমানে ২২৯ জন কর্মকর্তা, ২৫৯ জন কর্মচারী ও ৩৪৮ জন শ্রমিক কাজ করছেন। বছরে তাঁদের বেতন-ভাতা বাবদ ব্যয় হয় ৩০ কোটি টাকা। গড়ে প্রতি মাসে ব্যয় হয় দুই কোটি ৪৬ লাখ টাকা। জানা গেছে, জাপানের টয়ো ইঞ্জিনিয়ারিং করপোরেশন (টিইসি) নির্মিত এই সার কারখানায় ১৯৮৭ সালের ২৯ অক্টোবর উৎপাদন শুরু হয়। তাদের সঙ্গে ২০ বছরের চুক্তি ছিল। তখন সরকারের মালিকানা ছিল ২৫ শতাংশ। ২০ বছর পূর্ণ হওয়ার পর ২০০৭ সালে এটি পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় চলে আসে। অভিযোগ রয়েছে, রাষ্ট্রীয় মালিকানায় আসার পর থেকে কারখানার উৎপাদন ব্যাহত হতে থাকে। এ প্রসঙ্গে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোস্তফা কামাল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কারখানাটি ২০ বছর পর পুরোপুরি বিসিআইসির নিয়ন্ত্রণে আসে। পুরোনো যন্ত্রপাতির ত্রুটি ও গ্যাস-সংকটের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এগুলো ছাড়া অন্য কোনো কারণ নেই। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুল রহমান খান প্রথম আলোকে বলেন, ‘কারখানায় বেশির ভাগ সময় উৎপাদন বন্ধ থাকছে গ্যাস না পাওয়ায়। এতে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই দেশের স্বার্থে কারখানার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা প্রয়োজন।’