ফেনীর মহীপাল আন্তজেলা বাস টার্মিনাল থেকে ১৮ লাখ টাকার গলদা ও বাগদা চিংড়ির পোনা আটক করেছে র্যাব। গত বুধবার রাতে জেলা মত্স্য বিভাগের সহযোগিতায় এসব পোনা আটক করা হয়। পরে পোনাগুলো দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ‘ছোট ফেনী’ নদীতে অবমুক্ত করা হয়।জেলা মত্স্য কার্যালয় সূত্র জানায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপাল বাস টার্মিনালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাব-৭ এর একটি দল। তারা ঢাকাগামী ওই বাসের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৭ পাতিল (হাঁড়ি) গলদা ও বাগদা চিংড়িপোনা আটক করে। এসব পাতিলে প্রায় তিন লাখ ৭০ হাজার পোনা ছিল। পোনাগুলো পরে মত্স্য বিভাগের সহযোগিতায় দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ‘ছোট ফেনী’ নদীতে অবমুক্ত করা হয়।জেলা মত্স্য কর্মকর্তা মরিয়ম সুলতানা জানান, চিংড়িপোনাগুলোর আনুমানিক দাম ১৮ লাখ টাকা। নদীতে বেআইনিভাবে অবাধে চিংড়িপোনা আহরণ বন্ধের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।