১৮ শিক্ষকের ১২ জনই ছুটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) ১৮ শিক্ষকের মধ্যে ১২ জনই শিক্ষাছুটিতে আছেন। বিভাগীয় দায়িত্ব পালন করছেন ছয় শিক্ষক। এতে শ্রেণী-কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা শাখা সূত্রে জানা গেছে, সিএসই বিভাগে সহকারী অধ্যাপক আছেন নয়জন। একজন ছাড়া সবাই শিক্ষাছুটি কাটাচ্ছেন। সাত প্রভাষকের চারজনই শিক্ষাছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের মধ্যে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে গত বছরের মার্চে।ডেপুটি রেজিস্ট্রার জীবেন্দ্র সরকার জানান, এ বিভাগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের অধিকাংশই যোগদানের পর পর শিক্ষাছুটি নিয়ে দেশের বাইরে চলে গেছেন।বিভাগের প্রভাষক জয়নাল আবেদীন ২০০৫ সালের ২৪ আগস্ট চাকরিতে যোগ দেন। পরদিনই তিনি দেশের বাইরে চলে যান। পাঁচ বছর ধরে অনুপস্থিত এই শিক্ষক শিক্ষাছুটির জন্য আবেদন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি।বিভিন্ন বর্ষের একাধিক শিক্ষার্থী জানান, অধিকাংশ শিক্ষক ছুটিতে থাকায় বিভাগের শিক্ষাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জোড়াতালি দিয়ে চলছে শ্রেণীকার্যক্রম। স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মোস্তফা সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষকসংকটের কারণে পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে। এর ফলে আমাদের এক থেকে দেড় বছরের সেশনজটে পড়তে হচ্ছে।’ অধিকাংশ শিক্ষক শিক্ষাছুটিতে থাকায় সাময়িক সমস্যা হচ্ছে বলে স্বীকার করেছেন বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল মোস্তফা। তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় বর্ষে কোনো সেশনজট নেই। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বাড়তি ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। তবে নির্ধারিত সময়ের মধ্যেই ক্লাস শেষ করে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের চেষ্টা করছি আমরা।’একজন প্রভাষক প্রতি সপ্তাহে সর্বোচ্চ ১২-১৪টি ক্লাস নেওয়ার কথা থাকলেও এখন নিতে হচ্ছে ১৫-১৮টি। এতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান বিভাগের শিক্ষকেরা। শিক্ষকসংকটের কারণে তিনজন অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে।বিভাগের সভাপতি শাহাদাত হোসেন শিক্ষকসংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষাছুটিতে বাইরে থাকা শিক্ষকেরা সম্প্রতি দেশে ফিরতে শুরু করেছেন। আগামী ছয় মাসের মধ্যেই দুই শিক্ষক পিএইচডি কোর্স সম্পন্ন করে দেশে ফিরবেন।