মানুষের জীবনে ১৮ সাধারণ কোনো সংখ্যা নয়। এ বয়স হলেই নানা অধিকার জন্মে। ভোটাধিকার, কোনো কোনো দেশে গাড়ির লাইসেন্স পর্যন্ত পাওয়া যায় এ বয়সে। এ বয়স মানেই কৈশোর থেকে দুর্বার যৌবনে পদার্পণ। এ বয়স যেমন অসাধ্যসাধনের বয়স, একইভাবে পথ হারানোর শঙ্কারও। তাই হয়তো ইতালির সরকার এ বয়সের তরুণদের জন্য বিশেষ এক ব্যবস্থা করেছে।
চলতি বছরের ৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশটিতে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁদের সরকারের পক্ষ থেকে বই কিনতে উপহার হিসেবে দেওয়া হবে ৫০০ ইউরো, বাংলাদেশি অর্থে যা ৪৩ হাজার টাকার ওপরে। জনসাধারণের জীবনমান উন্নত করতেই এ উদ্যোগ। এ জন্য ইতালিকে এই সময় গুনতে হবে প্রায় ২৯ কোটি ইউরো।
১৮ বছর পূর্ণ করা যে কেউ যাতে খুব সহজেই সরকারের এ উপহার নিতে পারেন, সে জন্য ‘এইটিনঅ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে।
ইতালির পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি তোম্মাজো নান্নিচিনি বলেন, সরকারের এই উদ্যোগ তরুণদের একটি বার্তা দিতে চায়। বার্তাটি হলো, তাঁরা এমন এক সমাজের সদস্য, বয়ঃপ্রাপ্ত হলে যাঁদের স্বাগত জানানো হয়। সেই সঙ্গে তাঁদের এটাও বোঝানো যে, সমাজ ও নিজেকে সমৃদ্ধ করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড কতটা গুরুত্বপূর্ণ।
তোম্মাজো নান্নিচিনি জানান, উপহারের এই অর্থ শুধু বই কেনাতেই নয়, থিয়েটার কিংবা সিনেমা দেখায় এবং জাদুঘরের টিকিট কেনায়ও ব্যয় করা যাবে।