১৮০ দেশের মুদ্রা লিয়াকতের সংগ্রহে

হেমন্তের রোদমাখা শীতের মিষ্টি সকাল। টিনে ছাওয়া ঘরের বারান্দায় গ্রিলের ফাঁক গলে উঁকি দিচ্ছে সোনালি সূর্য। সেই মিষ্টি রোদে চেয়ারে বসে হাতের যত্ন নিচ্ছেন প্রবীণ একজন। বয়স হলেও চোখে ক্ষুরধার দৃষ্টি! বাড়ির ভেতরে ঢুকতেই জানতে চাইলেন পরিচয়।
তিনি লিয়াকত আলী খান। অন্য আট–দশজন মানুষের মতো সাধারণ নন তিনি। বিভিন্ন দেশের ধাতব মুদ্রা ও কাগুজে নোট সংগ্রহ করেন লিয়াকত আলী খান। এ ছাড়া ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশ সরকারের অনুমোদিত সব লটারির টিকিটও সংগ্রহে রয়েছে তাঁর। ‘মুদ্রা সংগ্রহকারী লিয়াকত’ নামেই তিনি মানিকগঞ্জবাসীর কাছে পরিচিত। জেলা শহরের পোড়রা এলাকায় থাকেন লিয়াকত আলী।
মানুষের মধ্যে দেখা যায় বহুমুখী গুণ। এই গুণগুলো অনেকে সযত্নে লালন করেন নিভৃতে-নীরবে। শখের বশে কতজন কত কী-ই না করেন! লিয়াকত আলীও শখের বশে পাকিস্তান আমল থেকে বিভিন্ন দেশের ধাতব মুদ্রা সংগ্রহ করেন। পোড়রা এলাকার বাড়িতেই ৫ ডিসেম্বর সকালে কথা হলো তাঁর সঙ্গে।
১৯৪৮ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন লিয়াকত আলী। পড়াশোনা তাঁর খুব একটা করা হয়নি। প্রাথমিক বিদ্যালয় শেষ করা হয়নি তাঁর। মুক্তিযুদ্ধের আগে জেলা শহরের বাজার সেতুর কাছে বাবা মাজেদ আলী খানের চায়ের দোকান ছিল। সে সময় শিশু লিয়াকত চায়ের দোকানে বাবাকে সহযোগিতা করতেন। দেশ স্বাধীন হওয়ার পর চায়ের দোকানটিতে স্টেশনারির মালামাল তোলা হয়। এরপর থেকে চা বিক্রি বন্ধ করে বিস্কুট, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা শুরু করেন। দিন দিন বাড়তে থাকে দোকানের আয়তন। লিয়াকত আলীর তিন ছেলে। সাঈদ হোসেন খান, রাজীব হোসেন খান ও রাকিব হোসেন খান—তিনজনই জেলা শহরে স্টেশনারি ব্যবসা করেন।

সংগ্রহের শুরুর কথা
মুক্তিযুদ্ধের আগের কথা। তখন বয়স ১০ কি ১২ বছর। একদিন বাড়ি থেকে বাবার চায়ের দোকানে যাওয়ার পথে ব্রিটিশ আমলের এক পয়সার একটি রৌপ্য মুদ্রা কুড়িয়ে পান। মহামূল্যবান ভেবে সযত্নে রেখে দেন। কয়েক দিন পর সোনা-রুপার এক ব্যবসায়ীর কাছে যান মুদ্রাটি নিয়ে। ওই ব্যবসায়ী মুদ্রাটি দেখে তাঁকে বলেন, আরও কয়েকটি জমিয়ে তাঁর সঙ্গে দেখা করতে। তিনি ফিরে আসেন।
এ ঘটনা থেকে তাঁর মনে চিন্তা আসে, কীভাবে আরও মুদ্রা জোগাড় করা যায়। যেই চিন্তা সেই কাজ। আশপাশের পরিচিত-অপরিচিত মানুষদের কাছ থেকে একটি-দুটি করে জোগাড় করতে থাকেন দেশ-বিদেশের ধাতব মুদ্রা। কিন্তু এরই মধ্যে কখন যে এসব মুদ্রার প্রতি মায়া জন্মেছিল, টের পাননি লিয়াকত আলী। এরপর থেকে মুদ্রা সংগ্রহ করা নেশায় পরিণত হয়ে গেল। প্রথম দিকে এসব মুদ্রা তিনি দোকানে সংগ্রহ করে রাখতেন।
‘দেশের নানা জায়গা ঘুরে বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করতে থাকি। এখন ১৮০টি দেশের তিন হাজারের বেশি ধাতব মুদ্রা আছে আমার সংগ্রহে। পাশাপাশি কাগুজে নোট ও বাংলাদেশ সরকারের অনুমোদিত লটারির টিকিটও সংগ্রহ করেছি।’ ১৯৭৫ সাল থেকে তিনি কাগুজে নোট সংগ্রহ শুরু করেন। বর্তমানে তাঁর সংগ্রহে শতাধিক দেশের কাগুজে নোট রয়েছে।
লিয়াকত আলী একসময় চরম কষ্ট পান। ১৯৭২ সালে তাঁর সাত বছরের সংগৃহীত ধাতব মুদ্রাগুলো চুরি হয়ে যায়। তবে মনোবল হারাননি। নতুন করে আবার শুরু করেন সংগ্রহের কাজ। ‘মুদ্রা সংগ্রহের এই কাজটি সহজ ছিল না। ছিল ব্যয়বহুল। প্রথম দিকে পরিবার থেকেই বাধা আসত। প্রতিবেশীরা আমাকে তিরস্কার করতেন। তবু পিছিয়ে যাইনি। একসময় সবাই উৎসাহ দেওয়া শুরু করেন। অনেকে সহযোগিতাও করেন।’ বললেন লিয়াকত আলী।

পাখির জন্য ভালোবাসা
এই মুদ্রা সংগ্রাহকের ভালোবাসা আছে পাখির প্রতিও। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন।
খাবার খেতে শালিক, দোয়েল, ঘুঘুসহ আরও কয়েক রকম পাখি ভিড় করে বাড়ির উঠানে। লিয়াকত তাদের আপ্যায়ন করেন মুড়ি ও চানাচুর দিয়ে।
লিয়াকত আলী শোনালেন বছর পাঁচেক আগের কথা। একদিন ভোরে বাড়ির উঠানে কয়েকটি শালিক খাবারের খোঁজে পায়চারি করছিল। ঘরে থাকা দুই মুঠ মুড়ি খেতে দেন। পরের দিন একই সময়ে পাখিগুলো হাজির। পাখিগুলো দেখে মায়া লেগে গেল। এরপর থেকে প্রতিদিন ভোরে মুড়ি-চানাচুর ও বাড়ির উচ্ছিষ্ট খাবার খেতে দেন। দিনে দিনে পাখির সংখ্যাও বাড়তে থাকে। এ কাজের মধ্যে আনন্দ খুঁজে পান।

দুর্লভ সংগ্রহ
লিয়াকত আলীর সংগ্রহে বিভিন্ন দেশের দুর্লভ ধাতব ও কাগুজে মুদ্রা থাকলেও নেই সংগ্রহশালা। ব্যাগের ভেতর ঘরে রাখা হয়েছে মুদ্রা ও লটারির টিকিটগুলো। সংগ্রহশালার জন্য প্রয়োজন জায়গা ও ঘর। চুরি কিংবা খোয়া যাওয়ার আশঙ্কাতেই সংগৃহীত এসব বিরল মুদ্রা ব্যাগবন্দী করে ঘরের ভেতর রাখা হয়েছে। লিয়াকত আলীর ছেলে রাজীব হোসেন বলেন, প্রায়ই লোকজন তাঁর বাবার সংগ্রহ দেখতে বাড়িতে আসেন। কিন্তু সংগ্রহশালা না থাকায় তাঁদের বিড়ম্বনায় পড়তে হয়।
মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরল ধাতব মুদ্রা ও কাগুজে নোট সংগ্রহ করা সহজসাধ্য নয়। প্রতিটি মুদ্রা দেশের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে। নতুন প্রজন্ম মুদ্রা দেখার পর সে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়।
লিয়াকত আলীর স্বপ্ন বাড়িতে একটি সংগ্রহশালা গড়ে তোলা। ফেরার সময় তিনি বলেন, ‘যত দিন বেঁচে আছি, এসব সংগ্রহ করেই যাব। এ কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাই।’