১৮০ পরিবারে সুপেয় পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকা বড়পাড়া, বামাগোমতি ও আমতলী। মাটিরাঙ্গা সদর থেকে ২৩ কিলোমিটার দূরের তিন গ্রামের ১৮০টি পরিবারের পানির একমাত্র উৎস তৈকালাং ছড়া ও ছড়ার পাড়ের দুটি কুয়া। গ্রামের লোকজন দৈনন্দিন কাজ ও খাওয়ার জন্য ব্যবহার করেন কুয়ার পানি। এই এলাকায় নেই কোনো নলকূপ।
সম্প্রতি এলাকায় গিয়ে দেখা যায়, তিন গ্রামের বেশির ভাগ বাড়ি পাহাড়ের ৩০০ থেকে ৬০০ ফুট ওপরে। পাহাড় থেকে নেমে এসে গ্রামের লোকজন গোসল করছেন হাঁটুসমান ছড়ার পানিতে আর খাওয়ার ও ব্যবহারের জন্য নারীরা নিয়ে যাচ্ছেন কুয়ার পানি।
এলাকাবাসী জানান, শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও তাঁদের পানির কষ্ট। বর্ষায় পাহাড়ি ঢলে ছড়ার পানি বেড়ে কুয়াগুলো ডুবে যায়। তখন ছড়ার ময়লা-আবর্জনাযুক্ত পানি খেতে হয়। ফলে প্রায় সময় গ্রামের লোকজন ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত হন। তা ছাড়া মার্চ-এপ্রিল মাসে ছড়ার পানি শুকিয়ে গোসলের পানি পাওয়া যায় না। তখন দুই কিলোমিটার দূরের ঝরনা বড়কুম্বায় গিয়ে গোসল করতে হয়।
এলাকার মানুষের অভিযোগ, তাঁদের একটাই দাবি—একটি গভীর নলকূপ স্থাপন করা হোক। ভোটের সময় জনপ্রতিনিধিরা এ ব্যাপারে আশ্বাস দিয়ে যান, কিন্তু পরবর্তী সময়ে ভুলে যান। গৃহবধূ শান্তনা রোয়াজা ও মল্লিকা ত্রিপুরা জানান, তাঁদের বাড়ি ছড়া থেকে ১ কিলোমিটার দূরে পাহাড়ের ওপর। প্রতিদিন তাঁকে চারবার পানি নিতে ছড়ায় আসতে হয়। পানি নেওয়ার জন্য আসা-যাওয়া করতেই দিন চলে যায়। অনেক সময় এসে কুয়ার পানিতে দেখা যায় ময়লা। এ সময় পানি পরিষ্কার করতে দুই-তিন ঘণ্টা লেগে যায়।
এলাকার ইউপি সদস্য অনি রঞ্জন ত্রিপুরা জানান, ইউনিয়ন পরিষদের বাজেট কম। এই কম বাজেট দিয়ে পাথর কেটে গভীর নলকূপ বসানো সম্ভব হয় না। এলাকার পক্ষ থেকে পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সাংসদসহ জনপ্রতিনিধিদের কাছে অনেকবার লিখিত ও মৌখিকভাবে আবেদন করা হয়েছে। কিন্তু কেউ এগিয়ে আসেননি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, ওই এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু মাটির নিচে পাথর থাকার কারণে পানির উৎস পাওয়া যায়নি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়ার জন্য।
এদিকে মাটিরাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আইয়ুব আলী আনসারী বলেন, এই এলাকায় বহুবার নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু মাটির নিচে ৮ ফুট পরই পাথর থাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হয় না। এ বছর একটি বরাদ্দ আসার কথা। বরাদ্দ পাওয়া গেলে কীভাবে ওই এলাকায় পানি সরবরাহ করা যায়, এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
পরিবেশ আন্দোলনের (বেলা) নেটওয়ার্ক সদস্য আবু দাউদ বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি পাওয়া কষ্টকর। কিছু কিছু এলাকায় মাইলের পর মাইল দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। তবুও সুপেয় পানি পাওয়া দুষ্কর। এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভূমিকা প্রশ্নবিদ্ধ।