১৮৪ জন দ্বৈত ভোটারের খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে তালিকায় আসা ১৮৪ জন দ্বৈত ভোটারকে খুঁজে পাচ্ছে না উপজেলা নির্বাচনী কর্মকর্তা। দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত হওয়ার পর এসব ভোটারের ঠিকানায় নোটিশ দিয়েও তাদের পাওয়া যায়নি। উপজেলা রাউজান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল দুই লাখ ১৯ হাজার ৯১৫ জন ভোটার। যাচাই-বাছাই করতে গিয়ে এই তালিকায় ২৭৪ জন দ্বৈত ভোটারের অস্তিত্ব পাওয়া যায়। সূত্র মতে, একজন ব্যক্তি একাধিক ঠিকানায় ভোটার হতে পারে না। এ রকম অপরাধের জন্য অর্থ ও কারাদণ্ডের বিধান আছে। জানা যায়, দ্বৈত ভোটারদের চিহ্নিত করা গেলে প্রথমে তাদের ডেকে এনে এ সংক্রান্ত শুনানি করা হয়। হাজির হয়ে নিজের ভুল স্বীকার করে একটি তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিলে তাদের মার্জনা করা হয়। অন্যথায় এই অপরাধের জন্য মামলা করা যেতে পারে।জানা যায়, দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত ব্যক্তিদের ঠিকানায় ইতিমধ্যে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠানো হলে ৯০ ব্যক্তি হাজির হয়ে একটি তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। অন্যরা হাজির না হওয়ায় তাদের বিষয়টি নিষ্পন্ন হয়নি। জানতে চাইলে উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবদুল মান্নান পাঠান দ্বৈত ভোটার তালিকাভুক্তির কথা স্বীকার করে বলেন, শুনানিতে হাজির হতে ব্যর্থ ব্যক্তিদের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন। তার কাছে জানা যায়, এই বছর রাউজানে নতুন করে এখানে আরও ১৭ হাজার ৮২৭ জন ভোটার তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে এই উপজেলার মোট ভোটার দুই লাখ ৩৭ হাজার ৭৪২ জন। জানতে চাইলে জেলা নির্বাচনী কর্মকর্তা-৩ খোরশেদ আলম বলেন, যারা দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের নাম প্রথম তালিকায় রেখে পরের তালিকা থেকে কেটে দেওয়া হবে। যারা সংশোধনীর প্রয়োজনে নোটিশ পেয়ে হাজির হয়নি তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।