২৬ কিলোমিটার দীর্ঘ পানছড়ি-খাগড়াছড়ি সড়কে ১৯ কিলোমিটারজুড়ে সড়কের কোনো চিহ্ন নেই, সবখানে বড় বড় গর্ত। গত সপ্তাহে টানা বর্ষণের কারণে গর্তগুলো এক একটা পুকুরের মতো হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পানছড়ি-খাগড়াছড়ি সড়কে অসংখ্য বড় বড় গর্ত। প্রতিটি গর্তে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় যেকোনো মুহূর্তে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চালকেরা। পানছড়ি উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার শুভ চাকমা বলেন, প্রায় সময়ই মুমূর্ষু রোগী নিয়ে খাগড়াছড়িতে যেতে হয়। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় ৪৫ মিনিটের পথ যেতে দেড় ঘণ্টার বেশি লাগে। এতে মুমূর্ষু রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। বাসচালক কামাল হোসেন ও অংথ্যইয়ং মার্মার অভিযোগ, ‘সংস্কারের নামে প্রতিবছরই ঠিকাদারেরা রাস্তার গর্তগুলো ভাঙা ইট দিয়ে ভরাট করে সামান্য পিচ ঢালাই দিয়েই সংস্কারকাজ শেষ করেন। ব্রিজগুলো যেমনই ঝুঁকিপূর্ণ, সড়কও তেমনই। সড়ক উন্নয়নকাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় দু-এক মাসও টেকসই হয় না। হঠাৎ দুর্ঘটনা এড়াতে ব্রেক কষলেই নতুন রাস্তা শেষ। এতে যানবাহনের মারাত্মক ক্ষতি হচ্ছে।’সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গত ২০১০-১১ অর্থবছরে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের জন্য চার কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ হয়। গত বছর মে মাসে কাজটি পান খাগড়াছড়ির ঠিকাদার অনন্ত বিকাশ ত্রিপুরা। সড়ক ও জনপথ বিভাগের পানছড়ি উপজেলার দায়িত্বরত প্রকৌশলী মো. শাহাবুদ্দিন সড়কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, গত সপ্তাহে টানা বর্ষণে সড়কে বড় বড় গর্ত হয়েছে। গর্তগুলোতে পানি জমে কাদায় একাকার হয়ে গেছে। কাজটি করার জন্য ঠিকাদার অনন্ত বিকাশ ত্রিপুরাকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কাজ করছেন না। মাস দুয়েক আগে কাজ শুরু করলেও বর্তমানে কাজ বন্ধ আছে। এদিকে ঠিকাদার অনন্ত বিকাশ ত্রিপুরার পক্ষে কাজটির দায়িত্ব নিয়েছেন শামসুল আলম নামে আরেকজন ঠিকাদার। তিনি টাকার অভাবে কাজ করতে পারছেন না বলে জানান। তিনি বলেন, ‘গত বছর থেকে এ-যাবৎ মোট এক কোটি ৩০ লাখ টাকা পেয়েছি। কাজ করার পরও ঠিকমতো টাকা না পাওয়ায় কাজটি শেষ করা যাচ্ছে না। ২০১১ সালে এক ড্রাম বিটুমিনের দাম ছিল ছয় হাজার টাকা। বর্তমানে ১৩ হাজার টাকা। আর এক ফুট পাথরের দাম ছিল ১০০ টাকা, বর্তমানে ১৫০ টাকা। তেলের দাম প্রতিলিটারে বেড়েছে ১৫ টাকা। সবকিছুর দাম বেড়েছে। ঠিকমতো কাজ করার পরও বিল পাচ্ছি না।’