১৯ জেলায় ৬০০ দালাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত রয়েছে অন্তত ৬০০ দালাল। দেশের ১৯ জেলায় এঁদের অবস্থান। ভালো চাকরি ও কম টাকায় বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে দালালেরা বিভিন্ন জেলা থেকে লোক সংগ্রহ করেন। জেলা পুলিশ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এখন দালাল ধরতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৫ জন। তাঁরা সাতকানিয়া, রামু, উখিয়া ও কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১১ জুন সকালে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন অংশে ৩১৮ মালয়েশিয়াগামী যাত্রীবাহী একটি ট্রলারে বেপরোয়া গুলি চালায় সন্ত্রাসী বাহিনী। এ সময় ট্রলারের পাঁচ যাত্রী নিহত ও গুলিবিদ্ধ হন অন্তত ৬৩ জন। পরে যাত্রীদের কোস্টগার্ড উদ্ধার করে। এর পর থেকে দালাল ধরার অভিযান চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে যাত্রীদের ঝুঁকির মুখে (সমুদ্রে) ঠেলে দিচ্ছে দালালেরা। এঁরা সংখ্যায় প্রায় ৬০০ জন। এখন তাঁদের গ্রেপ্তার করে মানব পাচার ঠেকানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সেন্ট মার্টিন থেকে উদ্ধার হওয়া ট্রলারের যাত্রী নরসিংদীর রায়পুরের তাজুল ইসলামের ছেলে মো. মিজান (৩০) জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য স্থানীয় দালাল লিটনকে ৩০ হাজার টাকা দেন তিনি। গত ২৭ মে তাঁকে কক্সবাজার নিয়ে আসা হয়। ৩০ মে রাতে মালয়েশিয়া যাওয়ার জন্য তাঁকে তুলে দেওয়া হয় একটি ছোট নৌকায়। এরপর ১১ জুন সন্ত্রাসীরা তাঁদের ওপর ট্রলারে গুলি চালায়। গুলিতে তাঁর বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়।
অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূল দিয়েই বেশির ভাগ মানুষ মালয়েশিয়া যাচ্ছেন। দুই বছর ধরে শাহপরীর দ্বীপের সঙ্গে টেকনাফ সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দালালেরা সুযোগটি কাজে লাগাচ্ছেন। শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার ধলু হোসেন ও শরীফ হোসনের নেতৃত্বে পাঁচ বছর ধরে মানব পাচার কার্যক্রম চললেও তাঁরা থাকেন ধরাছোঁয়ার বাইরে। এই দুজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রয়েছে অন্তত ১২টি।
এ ছাড়া থানায় বিভিন্ন সময় দায়ের করা মানব পাচার সংক্রান্ত মামলা পর্যবেক্ষণে দেখা গেছে, দালাল হিসেবে টেকনাফের সাবরাং এলাকার আকতার কামাল, সাঈদ কামাল, মোয়াজ্জেম হোসেন, রামুর কালিমার ছড়ার মোহাম্মদ হোসেন, শাহপরীর দ্বীপ মাঝরপাড়ার জায়েত উল্লাহ, সব্বির আহাম্মদ, সাজেদা বেগম, আব্দুল্লাহ, ইউনুচ, কলিম উল্লাহ, আব্দুস শুক্কুর, ঘোলাপাড়ার শামসুল আলম, কবির আহমদ, হাজীপাড়ার মুজিব উল্লাহসহ অন্তত ২৮০ জনের নাম এসেছে।
তা ছাড়া টেকনাফের বাইরে দালাল হিসেবে পুলিশ চিহ্নিত করেছে নরসিংদীর মো. শাহজালাল, নুর মোহাম্মদ প্রকাশ ইমরান, জিয়াউর রহমান, আবদুর রহমান, নারায়ণগঞ্জের রফিকুল ইসলাম, শহিদ উল্লাহ, আবদুস সত্তার, চুয়াডাঙ্গার মো. আকিম, মো কাশেম, আকিল উদ্দিন, সিরাজগঞ্জের সাত্তার মোল্লা, কুড়িগ্রামের মো. সালাম, সাতক্ষীরার আশরাফ মিয়া, বগুড়ার সাহাব উদ্দিন, যশোরের আবুল কালাম, মেহেরপুরের আহাম্মদসহ অন্তত ৩২০ ব্যক্তিকে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, চলতি সালের গত পাঁচ মাসে (জানুয়ারি-জুন) পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুধু টেকনাফ উপকূল থেকে ২১ জন দালালকে গ্রেপ্তার করেন। একই সময় ৫৩১ যাত্রীকে উদ্ধার করা হয়। চার শতাধিক দালালের বিরুদ্ধে টেকনাফ থানায় গত পাঁচ মাসে ১২১টি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু তার পরও সমুদ্রপথে মানব পাচার বন্ধ করা যাচ্ছে না।
টেকনাফ থানার পুলিশ, সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দালালচক্র সাবরাং ইউপির শাহপরীর দ্বীপকে মানব পাচারের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। এই সাবরাং ইউনিয়ন থেকেই গত এক বছরে তিন হাজারের বেশি লোক মালয়েশিয়া পাড়ি দিয়েছে। এর মধ্যে কয়েক শ জনের হদিস পাওয়া যাচ্ছে না। আগে টেকনাফসহ কক্সবাজার অঞ্চলের মানুষ মালয়েশিয়া গেলেও এখন গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদহ, নাটোর, বরিশাল, ভোলা, সাতক্ষীরা, মেহেরপুর, মাদারীপুর, শরিয়তপুর, খুলনা, যশোর, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এ পথে পা বাড়াচ্ছেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, গত তিন বছরে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রার সময় সাতটির বেশি ট্রলার ডুবির ঘটনায় অন্তত ৫০০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। পাচারের সময় ধরা পড়ে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন আরও অন্তত এক হাজার মানুষ। তার পরও তাঁর ঝুঁকিপূর্ণ এ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন। এ জন্য এলাকায় সচেতনতা তৈরি করা জরুরি।