১৯ পদের মধ্যে ১৪টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে যাত্রা শুরুর সময় থেকেই কর্মকর্তা-কর্মচারী সংকটে ভুগছে পটিয়ার সরকারি শিশু পরিবার। কর্মকর্তা ও কর্মচারীর ১৯টি পদের মধ্যে ১৪টি পদই শূন্য রয়েছে। ফলে সুষ্ঠু কোনো তদারকি ও পরিচর্যা ছাড়াই বড় হচ্ছে পরিবারের এতিম শিশুরা। পড়ালেখাও সঠিকভাবে হচ্ছে না তাদের। ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজ। দেখেশুনে মনে হয় এতিমদের প্রতিষ্ঠানটিই এতিম। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠিকানাহীন ও এতিম শিশুদের সাধারণ ও কারিগরি শিক্ষা, শরীরচর্চা, চিত্রাঙ্কন, বাগান পরিচর্যা, খেলাধুলা, শিক্ষা সফর ইত্যাদির মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পটিয়ার হুলাইন গ্রামে এ শিশু পরিবার প্রতিষ্ঠা করা হয়।২০০৬ সালে সেপ্টেম্বরে এক একর ৫৮ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত এ পরিবারের ক্যাম্পাসে রয়েছে প্রশাসনিক ভবন, শিশু ও কর্মকর্তাদের আবাসিক ভবন ও প্রশিক্ষণকেন্দ্রসহ চারটি ভবন। পার্বত্য জেলাসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার প্রায় এক শ এতিম শিশু এখানে বসবাস করে।তৃতীয় শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণীর শিশুরা বাইরের বিদ্যালয়ে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুরা শিশু পরিবারের নিজস্ব ক্যাম্পাসে পড়ালেখা করার কথা। কিন্তু শিক্ষক না থাকায় শিশুরা আশপাশের প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে। এ ছাড়া, সংশ্লিষ্ট বিষয়ে লোকবলের অভাবে নির্ধারিত খেলাধুলা, শরীরচর্চা, কারিগরি শিক্ষা, শিক্ষা সফর হয় না। তবে স্থানীয় একজন ফুটবল খেলোয়াড় নিজ উদ্যোগে এখানকার শিশুদের নিয়মিত ফুটবল খেলার প্রশিক্ষণ দেন। সরেজমিনে দেখা যায়, শিশু পরিবারের ভবনের বাইরের দিক চলনসই হলেও ভেতরের কক্ষ, শিশুদের পোশাক, বিছানাপত্র ইত্যাদি অপরিষ্কার। কারও কারও হাতে খোসপাঁচড়া। দশম শ্রেণীর শিক্ষার্থী মাসুদ ইব্রাহিম (১৫), তৃতীয় শ্রেণীর শওকত (৯), দ্বিতীয় শ্রেণীর মাসুমসহ বেশ কয়েকজন শিশু জানায়, গত বছর রোজার পর থেকে নতুন কোনো কাপড় তারা পায়নি। ছেঁড়া চাদর, ময়লা বিছানায় তাদের থাকতে হয়। আরও কিছু সমস্যার কথা বলতে চাইলে পরিবারের কর্মচারী আমিনুল ইসলাম তাদের বাধা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিশু জানায়, তাদের পড়ালেখার কেউ তদারকি করে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশু পরিবারটি পরিচালনার জন্য একজন উপতত্ত্বাবধায়কসহ ১৯ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। কিন্তু উদ্বোধনের পর থেকে উপতত্ত্বাবধায়ক, সহকারী তত্ত্বাবধায়ক-যুক্ত-শিক্ষক, অফিস সহকারী-যুক্ত-মুদ্রাক্ষরিক, সহকারী শিক্ষক, মেট্রন, নার্স, কারিগরি প্রশিক্ষক, বড় ভাইয়া, খালাম্মা ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ ১৪টি পদ শূন্য রয়েছে। বর্তমানে আছেন শুধু একজন কারিগরি প্রশিক্ষক (চিত্রাঙ্কন), একজন বড় ভাইয়া, একজন খালাম্মা, বাবুর্চি এবং একজন নৈশপ্রহরী। কর্মচারীরা জানান, শিশু পরিবারের এক শ শিশুর জন্য বার্ষিক বরাদ্দ মাত্র ২৪ লাখ টাকা। অর্থাৎ জনপ্রতি মাসে দুই হাজার টাকা। এ টাকা দিয়ে খাওয়া, কাপড়, চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ চালানো সম্ভব হয় না। জানতে চাইলে বড় ভাইয়া আবদুল গফফার প্রথম আলোকে বলেন, ‘১৯ জনের মধ্যে মাত্র চার-পাঁচজন এমনকি কখনো দুইজন লোক দিয়েই আমাদের কাজ চালাতে হয়। অর্থ বরাদ্দও অপ্রতুল। এ কারণে পরিবারের সার্বিক কাজকর্ম ঠিকমতো চালানো সম্ভব হয় না।’ জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুল আলম বলেন, ‘শুরু থেকে পরিবারটিতে জনবল সংকট থাকায় আমাকে উপতত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতে হচ্ছে।’ এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।