১৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ জন সহকারী শিক্ষকের পদ খালি আছে। যার ফলে এসব বিদ্যালয়ে পাঠদানসহ বিভিন্ন প্রশাসনিক কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে।
সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ১৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়গুলো হলো উত্তর তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ব্রাহ্মণডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরতি দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপনগর সুঁইপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরখাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চরখাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাঞ্চনা গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয়, চূড়ামণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীনগর শহিদ জামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শীলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গারাঙ্গিয়া আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ গারাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ মল্লিক বলেন, প্রধান শিক্ষক না থাকায় নানা ধরনের প্রশাসনিক সমস্যা দেখা দিচ্ছে। এ ছাড়া প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে শ্রেণী কার্যক্রমের সমস্যা হচ্ছে।
সাতকানিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসকান্দার বলেন, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
সরকার যখন শিক্ষক নিয়োগ দেবে তখন শূন্য পদগুলো পূরণ করা হবে।