১৯ বছর পর আগের জায়গায় বিদ্যালয়
শঙ্খ নদের ভাঙনের ফলে নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে ১৯৯৪ সালে স্থানান্তরিত হয়েছিল প্রাথমিক বিদ্যালয়টি। এলাকা ছাড়া হয়েছিল কয়েক শ পরিবার। নদীর ভাঙা-গড়ার খেলায় দীর্ঘ ১৯ বছর পর পূর্ব পাড়ে জেগে উঠেছে নতুন চর। এতে সংশ্লিষ্ট সবাই ফিরে পেল আগের জায়গা। নতুন রূপে প্রতিষ্ঠিত হলো ৭১ বছরের পুরোনো ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এলাকাবাসী জানান, ১৯২৩ সালে তৎকালীন জমিদার বামাচরণ চৌধুরী ও তাঁর ভাইয়েরা তাঁদের বাবা গুরুদাশ চৌধুরীর স্মরণে শঙ্খ নদের পূর্ব পাড়সংলগ্ন চরতি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে ব্রাহ্মণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ৫০ বছরের বেশি সময় ধরে এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছিল বিদ্যালয়টি। ১৯৯৪ সালে অতিবৃষ্টি ও বন্যার কারণে নদের ভাঙনে গ্রামটি বিলীন হয়ে যায়। একই সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায় কয়েক শ বাড়িঘরসহ বিদ্যালয় ভবনটি। ২০০৩-২০০৪ সালের দিকে নদীর পূর্ব পাড়ে চর জেগে উঠতে থাকলে ধীরে ধীরে লোকজন ফিরে আসতে শুরু করে বাপ-দাদার হারানো ভিটায়। আট-নয় বছরের মধ্যে পুরোনো জায়গায় নতুন করে গড়ে উঠেছে প্রায় ৪০০ বাড়িঘর।
এলাকাবাসী গত বছর তাঁদের সেই স্থানান্তরিত বিদ্যালয়টিও আগের জায়গায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার সহযোগিতা ও স্থানীয় লোকজনের আর্থিক পৃষ্ঠপোষকতায় গত বছর টিনের ঘর নির্মাণ করা হয়। নিয়োগ দেওয়া হয় চারজন শিক্ষক। এ বছর শুরু হয় ভর্তি ও পাঠদান কার্যক্রম।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টি প্রায় দেড় কিলোমিটার দূরে নদীর পশ্চিম পাড়ে উত্তর ব্রাহ্মণডাঙ্গা এলাকার একটি মাদ্রাসার কক্ষে স্থানান্তর করা হয়েছিল। আগের জায়গায় চর জেগে ওঠায় এবং বসতি গড়ে ওঠায় বিদ্যালয়টি সেখানে ফিরিয়ে আনা হয়েছে।
স্থানীয় অভিভাবক বিপ্লব দাশ বলেন, ‘আমার দুটি সন্তান এ বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। একজনের বয়স একটু বেশি। কারণ এলাকায় এত দিন বিদ্যালয় না থাকায় ছেলেকে ভর্তি করাতে পারিনি।’
চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর হোসেন চৌধুরী বলেন, ‘অনেক আগে এই বিদ্যালয়ে আমার বাবা পড়েছেন, আমি পড়েছি, এখন আমার নাতি-নাতনিরা পড়বে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনজু দাশ জানান, ধার করা জায়গা থেকে বিদ্যালয় তাঁর নিজের জায়গায় ফিরে এসেছে। এ পর্যন্ত দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে, আরও ভর্তি হবে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে জানান, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যালয়টি আগের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। আপাতত শ্রেণী কার্যক্রম শুরু করা হয়েছে একটি টিনের ঘরে। তিনি বলেন, ‘ইতিমধ্যে পাকা ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি, শিগগিরই ভবনের নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।’