কক্সবাজারে পাহাড় কাটা ও সৈকত দখল
১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা দুই মামলা ফাইলবন্দী
কক্সবাজারের পাহাড় নিধন ও সৈকত দখল করে অবকাঠামো নির্মাণকারী ১৯ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা পরিবেশ অধিদপ্তরের দুটি মামলা ফাইলবন্দী হয়ে পড়ে আছে। মামলা দায়েরের পর দেড় থেকে দুই বছর অতিবাহিত হলেও এখনো তদন্ত প্রতিবেদন দিতে পারেনি পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ২০১২ সালের ৩০ জানুয়ারি শহরের কলাতলী সমুদ্রসৈকতসংলগ্ন প্রতিবেশ সংকাটাপন্ন এলাকার পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের দায়ে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ আইনে একটি মামলা করা হয়। কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা ওই মামলার বাদী বেসরকারি পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ’-এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। মামলার এজাহারে উঁচু পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে মোহাম্মদ ইদ্রিস, মুজিবুল ইসলাম, মো. শফিউল্লাহ, রফিকুল ইসলাম ও আবাসন কোম্পানি একর্ড হোল্ডিং লিমিটেড, আরএফ বিল্ডার্স লিমিটেড, এটলার্স আইকন প্রপার্টিজ লিমিটেডসহ ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়।
অন্যদিকে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সৈকত দখল করে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগে ২০১১ সালের ১৫ আগস্ট সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই থানায় আরও একটি মামলা করা হয়। এই মামলার বাদীও ইব্রাহিম খলিল।
এজাহারে ফকির গ্রুপ, সি-ওয়েভ, হোম স্টোন, কক্স টাইটানিক, ক্রাউন প্যাসিফিক, হোটেল সি-ক্রাউন, হোটেল বে প্যারাডাইসকে অভিযুক্ত করা হয়।
মামলার বাদী ইব্রাহিম খলিল জানান, পরিবেশ অধিদপ্তর থেকে এই মামলাটি তদন্ত করার জন্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সাইফুল আশ্রাবকে দায়িত্ব দেন। তিনি সরেজমিন অনুসন্ধান করে একই বছরের ১৩ সেপ্টেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে চট্টগ্রাম পরিবেশ আদালতে একটি আবেদন করেন। কিন্তু এর মধ্যে তাঁকে (সাইফুল আশ্রাব) ঢাকায় বদলি করা হলে দায়িত্ব পান আরেক পরিদর্শক হারুন অর রশিদ।
কয়েক মাসের মাথায় তাঁকেও রাঙামাটি বদলি করা হলে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন। কিন্তু তিনিও মামলা দুটি তদন্ত প্রতিবেদন না দিয়ে কয়েক মাস আগে ঢাকায় বদলি হন। বর্তমানে ওই কর্মস্থলে যোগদান করা সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম মামলা দুটির তদন্তভার গ্রহণ করলেও এ পর্যন্ত কিছুই করেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে সরদার শরীফুল ইসলাম জানান, যোগদানের পর থেকে তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, এ কারণে তিনি মামলা দুটির তদন্ত কাজ শুরু করতে পারছেন না। তিনি ছাড়া এই কার্যালয়ে অন্য কোনো কর্মকর্তাও নেই। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, আলোচিত মামলা দুটি ফাইলবন্দী হয়ে পড়ায় ভূমিদস্যুরা শহরের আরও ১১টি পাহাড় কেটে সাফ করে ফেলছে। এতে পরিবেশ প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাহাড়ধসে গত দুই বছরে মারা গেছে ১২৭ জন।