খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১৯০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বিভিন্ন জাতের ধানের বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। এর মধ্যে ১০০ জনকে আফ্রিকার নেরিকা জাতের বীজ ও ৯০ জনকে স্থানীয় বিভিন্ন উফশী জাতের বীজ দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ২০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি, ২০ কেজি ইউরিয়া সার দেওয়া হয়েছে। গত ২৮ এপ্রিল সকাল ১১টায় পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এতে অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শুভ্রা দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের সেখ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কান্তি দে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন পি কে, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে সমর বিকাশ চাকমা, অসেতু বিকাশ চাকমা, অনিল চন্দ্র চাকমা, শান্তি জীবন চাকমা, সুব্রত চাকমা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।