২ মাস ধরে পাঁচ গ্রামে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী উপজেলার কালীপুর ও গুণাগরি ইউনিয়ন থেকে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে প্রায় দুই মাস আগে। এর মধ্যে কালীপুরের তিনটি ট্রান্সফরমার এখনো স্থাপন না করায় এলাকার পাঁচ গ্রামের কয়েক হাজার পরিবার বিদ্যুতের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামগুলো হচ্ছে: চৌধুরীপাড়া, হাকিমিয়াপাড়া, উত্তরপাড়া, রাজারপাড়া ও সুরাইয়াপাড়া। বিদ্যুৎ না থাকায় এলাকায় বোরো চাষের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায় গত ১২ জানুয়ারি মধ্যরাতে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর পল্লী বিদ্যুৎ সেখানে নতুন কোনো ট্রান্সফরমার স্থাপন করেনি। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ট্রান্সফরমার চোরদের সঙ্গে পল্লী বিদ্যুতের কিছু অসৎ কর্মচারীর যোগসাজশ রয়েছে। একই রাতে গুণাগরি এলাকায় অপর একটি ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রাহকের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা নিয়ে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। কালীপুর হাকিমিয়া মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মচারীদের যোগসাজশ ছিল। নতুন ট্রান্সফরমার স্থাপনের ব্যাপারে উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) কাছে একাধিকবার ধরনা দিয়েও কোনো সাড়া মেলেনি।’ বাঁশখালী কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরি হওয়ার পর ডিজিএমের কাছে তিনি পাঁচবার গেছেন। ডিজিএম এ ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। এদিকে বিদ্যুতের অভাবে এলাকার প্রায় ৭০০ একর জমিতে পর্যাপ্ত সেচ দিতে না পারায় বোরা চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন কৃষকেরা। স্থানীয় কৃষক মো. সাইম জানান, বিদ্যুতের অভাবে এলাকার সাতটি সেচযন্ত্র চালাতে না পারায় তাঁদের বোরো চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুতের লাইনম্যান লিটন কান্তি জানান, ট্রান্সফরমার চুরির সঙ্গে তাঁদের কোনো যোগসাজশ ছিল না। পল্লী বিদ্যুতের ডিজিএম নুর মোহাম্মদ আজম মজুমদার বলেন, ‘চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি জানান, নিয়ম অনুযায়ী চুরি হওয়া ট্রান্সফরমারের জায়গায় নতুন ট্রান্সফরমার নিতে হলে গ্রাহকদের অর্ধেক টাকা জমা দিতে হয়। কালীপুরের গ্রাহকেরা কোনো টাকা জমা দেননি, তাই সেখানে ট্রান্সফরমার বসানো হয়নি বলে তিনি মন্তব্য করেন।