২ হাজার হেক্টর জমিতে চাষ হয়নি উখিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার পাঁচ কানি (দুই একর) জমি বালুতে ভরে গেছে। তাই এ বছর আমনচাষ করতে পারিনি। গত ১৫ জুনের ভয়াবহ বন্যা ও পরবর্তী ভারী বৃষ্টিপাতের সময় পাহাড়ি ঢলের সঙ্গে বালু এসে এক হাত উঁচু হয়ে গেছে জমি। ওই বালু সরিয়ে আমনচাষ করা কিছুতেই সম্ভব হচ্ছে না। কিন্তু চাষ না করলে খাব কী?’ এবার আমনচাষ করতে না পারায় এভাবেই হতাশার কথা জানালেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের কৃষক মোক্তার আহাম্মদ (৫০)। একই ইউনিয়নের সোনারপাড়া গ্রামের কৃষক আব্দুল আজিজ (৪৫) জানান, প্রতিবছর শুধু আমন মৌসুমে তিন কানি (এক একর ২০ শতক) জমিতে চাষ করে পুরো বছরের খোরাক (চাল) জোগাড় করেন তিনি। কিন্তু এ বছর জুনে বন্যা ও পাহাড়ি ঢলের সঙ্গে বালু উঠে পুরো জমিই চাষের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘশ্বাস ছেড়ে আজিজ বলেন, ‘এ বছর পরিবার নিয়ে কী খাব আল্লাহই জানে।’ একইভাবে পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামের রশিদ আহাম্মদের (৬০) পাঁচ একর, হলদিয়াপালং ইউনিয়নের পাগলীরবিল গ্রামের বাদশা মিয়ার (৪৮) দুই কানিসহ (৮০ শতক) অনেকের জমিতে বালু জমে চাষের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫০০ কৃষক পরিবার তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। প্রসঙ্গত, গত ১৫ জুন ভোরে উখিয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এসময় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে কয়েক শ বাড়িঘর ধ্বংস ও বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। পরবর্তীকালে কয়েকদিন টানা ভারী বৃষ্টিপাতের সময় পাহাড়ি ঢলের সঙ্গে বালু নেমে হলদিয়াপালং, রত্নাপালং, জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের উপকূলীয় ও পাহাড়ি এলাকার প্রায় দুই হাজার হেক্টর আমন চাষের উপযোগী জমিতে দেড়-দুই ফুট করে জমে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উখিয়ায় এ বছর ১১ হাজার হেক্টর জমিতে আমনচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু বালু চাপা পড়ায় বিভিন্ন গ্রামের অন্তত দুই হাজার হেক্টর জমিতে চাষ হয়নি। ফলে প্রায় ৫০০ কৃষকের পরিবার ক্ষতির শিকার হয়েছে। জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, বালু চাপা পড়ে তাঁর ইউনিয়নের ৩০০ কৃষকের পরিবারের এক বছরের খাদ্য উৎপাদনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফজলুল বারী জানান, জমিতে বালু জমে থাকায় উৎপাদন ব্যাহত হওয়ায় এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। উপজেলা চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে আগামী বোরো মৌসুম পর্যন্ত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ডের আওতায় আনা দরকার।’ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান এ প্রসঙ্গে জানান, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ইতিমধ্যে চাল বিতরণ শুরু করেছেন।