২০ ও ২১ জুলাই খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক অবরোধ
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ষষ্ঠ অনুচ্ছেদ বাতিলের দাবিতে ১৪ জুলাই পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে ধর্মঘট পালিত হয়েছে। এ ছাড়া ২০-২১ জুলাই রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা করা হয়। একই দাবিতে ১২ জুলাই মঙ্গলবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে খাগড়াছড়ি জেলা সদরসহ পানছড়ি, দীঘিনালা ও মহালছড়ি উপজেলার আদিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আদিবাসী গ্রামগুলো থেকে আবালবৃদ্ধবণিতা সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে। খাগড়াছড়ি সদরের বড়পাড়া থেকে সবজি বিক্রি করতে স্বনির্ভর বাজারে এসেছেন রুদ্র কুমার ত্রিপুরা (৬৫)। তিনি বেলা ১১টায় সবজি বিক্রি বন্ধ করে রাস্তার পাশে একটি ব্যানার হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন। রাস্তায় দাঁড়ানোর কারণ জিজ্ঞেস করতে তিনি বলেন, ‘আমি কোনো দিন বাঙালি হই ন পারিব।’ (আমি কখনো বাঙালি হতে পারি না)। সিঙ্গিনালা গ্রামের গৃহবধূ মাঞে মারমা (৩৮) বলেন, ‘একজন মারমা কোনো দিন বাঙালি হতে পারে না। এর প্রতিবাদে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছি।’কর্মসূচি চলাকালে দেখা যায়, মহাজনপাড়া, নারানখাইয়া, খবংপুজ্যা, সিঙ্গিনালা, পেরাছড়াসহ বিভিন্ন গ্রামের আদিবাসীরা রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।ইউপিডিএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মানববন্ধন কর্মসূচি একযোগে পানছড়ি, মহালছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, গুঁইমারা, লক্ষ্মীছড়ি এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি, কাউখালী, নানিয়ারচর, রাঙামাটি সদর, রাজস্থলীসহ বিভিন্ন উপজেলায় পালিত হয়।