
সড়কের কিছু স্থানে পিচঢালাই নেই। কোথাও ইটের খোয়া সরে বেরিয়ে এসেছে মাটি। আর ছোট-বড় গর্ত তো আছেই। এই চিত্র সাতকানিয়া-বাঁশখালী সড়কের।
সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা থেকে বাঁশখালী উপজেলার গুনাগরি পর্যন্ত সড়কটির ২০ কিলোমিটারই এখন বেহাল। ফলে যাত্রীদের চলতে হচ্ছে ঝাঁকুনি খেতে খেতে।
১৬ ও ১৮ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, রাস্তার মাথার পর ভেন্ডার মসজিদ, হাদুরো বাড়ি, ঢেমশা বোর্ড অফিস, আনুফকির দোকান, ওয়াপদা অফিস, জামে মসজিদ মোড়, ডলু সেতু, কামারের ভাঙা, জোটপুকুরিয়া বাজার, পাক্কার দোকানসহ গুনাগরি পর্যন্ত ছেয়ে আছে গর্তে। কিছু স্থানে রয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে গাড়ি চলাচল হয়ে উঠছে বিপজ্জনক।
স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করে। চলাচল করে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মালবাহী ট্রাক, পিকআপ। ভারী যানবাহন চললেও সড়কটি সংস্কারে গরজ দেখায় না সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিছু অংশে দেড় বছর আগে সংস্কারকাজ হয়েছিল। এরপর আর সড়কে হাত পড়েনি। এর মধ্যে বৃষ্টিতে সড়কের ক্ষতি হয়েছে বেশি।
বাসচালক নাজিম উদ্দিন (৩২) ও অটোরিকশাচালক লোকমান হাকিম (২৮) জানান, সড়কজুড়ে ছোট-বড় গর্ত। ফলে অনেক সময় গাড়ির যন্ত্রাংশ খুলে পড়ছে। তা ছাড়া এক ঘণ্টার পথ যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগছে।
একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহমদ (৪৫) জানান, চাকরির কারণে তাঁকে নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। আসা-যাওয়ায় গাড়ির ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়ছেন।
১৬ অক্টোবর বিকেলে বাসে করে চট্টগ্রাম শহর থেকে রাস্তার মাথা হয়ে ছনখোলার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ব্যবসায়ী আবু তাহের (৫০)। তিনি বলেন, সড়কজুড়ে গর্ত আর গর্ত। গাড়ি চলে হেলেদুলে। মনে হয় গাড়িটি যেকোনো সময় উল্টে যাবে।
দোহাজারী সওজের উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা বলেন, সাতকানিয়া-বাঁশখালী সড়ক সংস্কারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দরপত্র আহ্বানের মাধ্যমে সংস্কারকাজ শুরু করা হবে।