২০ কোটি টাকার পণ্য বিক্রির সরবরাহ আদেশ
তৈরি পোশাকশিল্পের তিন দিনের মেলা কাপেক্সপোতে প্রায় ২০ কোটি টাকার (২৫-৩০ লাখ মার্কিন ডলার) যন্ত্রপাতি ও কাঁচামাল (ফেব্রিক্স, মেশিনারিজ ও এক্সেসরিজ) বিক্রির সরবরাহ আদেশ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে মেলা শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের হিসাব সমন্বয় করে কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে গত বৃহস্পতিবার এই মেলা শুরু হয়। মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সরকারি ও বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। সূত্র মতে, বিজিএমইএর আয়োজনে চট্টগ্রামে এটি ছিল এ ধরনের নবম মেলা। মেলায় নতুন উদ্যোক্তাদের সমাবেশ যেমন ঘটে তেমনি সদ্য উদ্ভাবিত নতুন প্রযুক্তির যন্ত্রপাতির বিষয়ে পোশাকশিল্পের মালিকেরা পরিচিত হওয়ার সুযোগ পান। ফলে এবার মেলা নিয়ে পোশাক মালিকদের আগ্রহ ছিল বরাবরের মতো। গত তিন দিনের অর্জন সম্পর্কে জানতে চাইলে মেলার প্রধান সমন্বয়ক ও বিজিএমইএর পরিচালক লিয়াকত আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আর্থিক হিসাবের তুলনায় অন্য দিক থেকে এই মেলার সুফল অনেক বেশি। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এবার মেলায় চুমকি বসানোর একটি যন্ত্রের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। আগে তৈরি পোশাকে চুমকি বসানোর কাজের জন্য আমরা বুটিক হাউসগুলোতে অর্ডার দিতাম। এ কারণে সময় ও কাজের মান তেমন ভালো হতো না।’লিয়াকত আলী চৌধুরী বলেন, ‘এবারের মেলায় আমরা নতুন একটি যন্ত্র দেখেছি যেটি ব্যবহার করলে অন্তত ৩০-৪০ জন অপারেটরের কাজ কমে যাবে। এসবই আমাদের মেলার বড় অর্জন।’