রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২০টি গ্রামীণ সড়কের সংস্কারকাজ চলছে। গত এপ্রিল মাস থেকে এ কাজ শুরু হয়। কাজের ৯০ ভাগ ইতিমধ্যে শেষ হয়েছে। সড়কগুলো সংস্কারের ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ যাতায়াত ও অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাঙ্গুনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস জানান, সরকার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এ টাকা দিয়ে উপজেলার ২০টি গ্রামীণ সড়কের সংস্কারকাজ চলছে।সড়কগুলোর মধ্যে রয়েছে উত্তর রাজানগর ইউনিয়নের জঙ্গল বগাবিলি বালুখালি তারাবুনিয়া সড়ক, হালিমপুর ঘাগড়াখাল বাঁধ সড়ক, হোছনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিণ নিচিন্তাপুর ভিলেজ সড়ক, দক্ষিণ নিচিন্তাপুর নতুনপাড়া সড়ক, স্বনির্ভর ইউনিয়নের মজুমদারখীল নৈদাবাসী সড়ক, মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া জানাজারমাঠ সড়ক ইত্যাদি।সরেজমিনে দেখা যায়, মজুমদারখীল নৈদাবাসী সড়ক মেরামত ও সংস্কারকাজ করছেন ১৮ জন শ্রমিক। এদের মধ্যে কথা হয় সিরাজুল ইসলাম, মো. সেলিমসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, প্রতিবছর আমন ধান ওঠার পর তাঁদের কোনো কাজ থাকে না। ফলে পরিবার-পরিজন নিয়ে এ সময়টায় অভাব-অনটনে দিনাতিপাত করতে হয়। বেতন কম হলেও এ কাজ পাওয়ায় সে অভাব দূর হয়েছে।গ্রামের বাসিন্দা তাপস সাহা (৪১) বলেন, গ্রামের মানুষের এ সড়ক দিয়ে শুকনো মৌসুমে হেঁটে যাতায়াতেও কষ্ট হয়। বর্ষাকালে তো ঘর থেকে বেরোনোও সম্ভব হয় না। বর্তমানে সড়কটি সংস্কার হওয়ায় সে কষ্ট লাঘব হবে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, প্রকল্পের আওতায় উপজেলার ৩০৫ জন অতি দরিদ্র মানুষ দিনে ১৭৫ টাকা বেতনে এসব সড়কের সংস্কারকাজ করছেন। বেতন কম হলেও এতে তাঁদের ৪০ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। স্বনির্ভর ইউনিয়নের চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী জানান, মজুমদারখীল নৈদাবাসী সড়কটি সংস্কারের ফলে চাষিদের গুমাইবিলে যাতায়াত সহজ হবে। এ ছাড়া, গ্রামের প্রায় ৪০০ পরিবার এর সুফল পাবে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সরকারের কর্মসংস্থান প্রকল্পটি দরিদ্র মানুষের অভাব ঘোচানো ছাড়াও গ্রামীণ অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।