২০ তরুণের সমৃদ্ধির স্বপ্ন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের নয় কিলোমিটার এলাকার প্রত্যন্ত গ্রাম জুম্মবি আদাম। গ্রামে বসবাসকারী ৬০টি পরিবারের একমাত্র আয়ের উৎস জুমচাষ। তবে ওই গ্রামের ২০ জন তরুণ নিজেদের মধ্যে সমিতি গঠন করে শুরু করেছেন মধু চাষ। ২০টি বাক্সে মৌচাক স্থাপন করেছিলেন তাঁরা। যার পাঁচটি থেকে থেকে মিলছে মধু। উৎপাদিত মধু বিক্রি করে ভালো দামও পাচ্ছেন তাঁরা।
গত বছর জুম্মবি আদামে জুমের ফলন ভালো হয়নি। জুমের পাশাপাশি কলা চাষও করতেন গ্রামের বাসিন্দারা। তবে কলা চাষেও দেখা দিয়েছিল বিপর্যয়। সংকট কাটিয়ে উঠতে গত বছরের ডিসেম্বর মাসে গ্রামের ২০ জন তরুণ গঠন করেন জুম্মবি আদাম ভালেদী সমিতি নামের একটি সমিতি। আয় বাড়ানোর উপায় হিসেবে মৌচাষের কথা ভাবলেন তাঁরা। পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দিল স্থানীয় উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশন। উন্নয়ন সংস্থার কাছ থেকে তিন মাস প্রশিক্ষণ নিয়ে ২০ জন তরুণ সদস্য গত এপ্রিল মাসে গ্রামে ২০টি কাঠের মৌ-বাক্স স্থাপন করেন। এরপর আশপাশের জঙ্গল থেকে রানি মৌমাছি খুঁজে এনে রাখেন প্রতিটি মৌ-বাক্সে। গত আগস্ট মাসে প্রথম পরীক্ষামূলকভাবে কৃত্রিম মৌচাক থেকে মধু আহরণ করেন তাঁরা। এরপর তাঁরা চলতি ডিসেম্বর মাসে পাঁচটি মৌ-বাক্স থেকে ১০ কেজি মধু পেয়েছেন। প্রতি কেজি মধু বিক্রি করেছেন আট শ টাকায়। শিগগিরই সব মৌচাক থেকেই মধু আহরণ করতে পারবেন বলে আশা করছেন তাঁরা। ডিসেম্বর থেকে মে পর্যন্ত মৌচাকে মধু আসে বলে জানান ভালেদী সমিতির সদস্যরা। ২০টি কাঠের মৌ-বাক্সের সবগুলোতে মধু এলে এখানকার দরিদ্র পরিবারগুলোর দুর্দশা অনেকটাই মিটবে বলে আশা করছেন তাঁরা।
বাঘাইছড়ি উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে পাহাড় ও বনভূমি মাঝে জুম্মবি আদাম গ্রামের অবস্থান। ২০০৪ সাল থেকে এই এলাকায় বসতি গড়ে উঠতে শুরু করে। সম্প্রতি ওই এলাকায় গেলে কথা হয় জুম্মবি আদাম ভালেদী সমিতির সদস্যদের সঙ্গে। তাঁরা জানান, মৌমাছিদের আলাদা করে কোনো খাবার দেন না তাঁরা। আশপাশের বুনো ফুলের মধু মৌমাছিদের খাদ্য। ১৫ দিন পর পর প্রতিটি মৌচাক থেকে মধু আহরণ করা যায় বলে জানান তাঁরা।
জুম্মবি আদাম ভালেদী সমিতির সভাপতি বিরো চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমরা সমিতির সবাই বেকার ছিলাম। জুমের ফসল ও কলা বিক্রি করে কোনো রকমে টানাটানির মধ্য দিয়ে জীবন যাপন করেন এখানকার লোকজন। জুম ফাউন্ডেশনের সহযোগিতায় মৌমাছি চাষের প্রশিক্ষণ ও সহযোগিতা পাওয়ার পর আমরা কাজ করে যাচ্ছি। অনেক কষ্ট করে সমিতির সব সদস্য মিলে বন থেকে স্ত্রীসহ মৌমাছি সংগ্রহ করেছি।’
জুম্মবি আদাম ভালেদী সমিতির সাধারণ সম্পাদক রিবোল চাকমা বলেন, ‘১৫ ডিসেম্বর পাঁচটি মৌচাক থেকে মধু আহরণ করা হয়েছে। প্রত্যেক মৌচাক থেকে দুই কেজি করে মধু পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে এই মধু প্রতি কেজি আট শ টাকায় বিক্রি হয়েছে। পর্যায়ক্রমে সব মৌচাক থেকে মধু তোলা হবে। ধাপে ধাপে মধু উৎপাদন বাড়বে। আগামী চার থেকে পাঁচ মাস একটানা মধু পাওয়া যাবে। আমরা ২০ যুবক ২০টি মৌচাক বানিয়েছি। ভবিষ্যতে আরও মৌচাক বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’
রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারদর্শী চাকমা বলেন, জুম্মবি আদামের অবস্থা খুবই খারাপ। এখানকার ৬০টি পরিবার জুমের ফসল ও কলা বিক্রি করে কোনো রকমে সংসার চালান। গ্রামের তরুণেরা মৌচাষ প্রকল্প হাতে নেওয়ায় এলাকার মানুষজনের জীবনমানের উন্নতি ঘটবে। মধু বিক্রির টাকা দিয়ে সমিতির সদস্যরা আরও নতুন নতুন প্রকল্পও হাতে নিতে পারবেন।
উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুজল কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, ‘জুম্মবি আদাম গ্রামের মানুষজনকে স্বাবলম্বী করার লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আমরা কাজ করছি। তাঁদের ২০টি মৌচাষের বাক্স সরবরাহের পাশাপাশি আমরা বিনা খরচে প্রশিক্ষণ দিয়েছে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে মধু বিক্রি করে ভালো আয়ও হবে।’