শ্রেণীকক্ষের সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালী উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসব ভবনের জায়গা নির্ধারণ করতে মাঠপর্যায়ে জরিপকাজ চলছে বলে জানা গেছে।উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে অনেক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নেই। এ কারণে নিয়মিত পাঠদানে অসুবিধা হয় এসব বিদ্যালয়ে। অনেক বিদ্যালয়ে পাঠদান চলছে খোলা আকাশের নিচে।এই সংকট নিরসনে উপজেলা প্রকৌশলী এক বছর আগে ২০টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ভবন নির্মাণ করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একটি প্রতিবেদন পাঠান। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ প্রধান প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল হক এসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য জরিপ চালিয়ে জায়গা নির্ধারণ করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন পাঠাতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন। বিদ্যালয়গুলো হচ্ছে চরপাড়া, ধলঘাটপাড়া, ঘটিভাঙ্গা, গোরকঘাটা, হোয়ানক, কালারমারছড়া, লালমোহাম্মদ সিকদারপাড়া, মেহেরিয়াপাড়া, মাতারবাড়ি নয়াপাড়া, মিঠাকাটা, মিজ্জিরপাড়া, মুকবেকি, পুরানবাজার, পুটিবিলা, শাপলাপুর, সিপাহিরপাড়া, সোনাদিয়া, তাজিয়াকাটা, উত্তর নলবিলা ও পশ্চিম কালাগাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।তবে এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ভবন নির্মাণ করতে ইতিমধ্যে জায়গা নির্ধারণের জন্য জরিপকাজ চলছে। প্রতিটি ভবন নির্মাণের জন্য ব্যয় প্রায় ৪০ লাখ টাকা।