২০ বছর পর জয়ী আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা প্রতিষ্ঠার ২০ বছর পর মেয়র পদে জয়ী হয়ে পটিয়া পৌরসভার কর্তৃত্ব পেল আওয়ামী লীগ। আওয়ামী লীগের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান মেয়র বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত হারুণর রশিদ। তিনি পেয়েছেন সাত হাজার ৬০৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থী বদিউল আলম পেয়েছেন পাঁচ হাজার ৯৫৮ ভোট। পাঁচ হাজার ৭০৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি-সমর্থিত ও বর্তমান মেয়র নুরুল ইসলাম। মহাজোটের নামে জাতীয় পার্টির পক্ষে শামশুল আলম মাস্টার প্রতিদ্বন্দ্বিতা করলেও পর্যন্ত তিনি পরোক্ষভাবে বদিউল আলমের পক্ষে কাজ করেছেন বলে জানা যায়। প্রসঙ্গত, পৌরসভা প্রতিষ্ঠার পর পটিয়ায় জাতীয় পার্টি ও বিএনপির নেতারাই ঘুরে ফিরে প্রশাসক, চেয়ারম্যান ও মেয়র পদে আসীন ছিলেন। হারুণর রশিদের বিজয় ও বর্তমান মেয়র নুরুল ইসলামের পরাজয়ের কারণ নিয়ে সাধারণ জনগণ, নির্বাচিত মেয়র ও পরাজিত প্রার্থীর ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে নানা অভিমত পাওয়া যায়। পটিয়া পৌরসদরের ব্যবসায়ী মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, ‘হারুণর রশিদ উচ্চশিক্ষিত, ভদ্র ও বিনয়ী মানুষ, সৎ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা ছাড়াও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। এসব কারণে মানুষ তাঁকে ব্যাপকহারে ভোট দিয়েছেন।’পাইকপাড়া এলাকার ভোটার কলেজছাত্র এ জেড এম আহমদুল্লা বলেন, ‘বর্তমান মেয়র নুরুল ইসলাম ভদ্র ও শান্ত প্রকৃতির হলেও তিনি গত নির্বাচনের আগে পৌরসভার উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো বিএনপি ক্ষমতায় থাকার সময়েও বাস্তবায়ন করতে পারেননি। তাঁর একাডেমিক শিক্ষা কম থাকায় তিনি প্রায় সময় অন্যের বিশেষ করে আমলাদের পরামর্শে চলতেন এবং চিহ্নিত সন্ত্রাসীদের প্রশ্রয় দিতেন। স্থানীয় সালিস বিচারও এড়িয়ে চলতেন তিনি। এসব কারণে মানুষ পরিবর্তন চেয়েছে।’ এ প্রসঙ্গে মেয়র নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠজন ও পটিয়া পৌরসভা বিএনপির সভাপতি এ টি এম মহিবুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, ‘হারুণর রশিদের বাড়ির কাছের পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে সূক্ষ্ম কারচুপি এবং তাঁর অর্থের কাছে আমাদের হার মানতে হয়েছে।’ তবে তিনি নুরুল ইসলামের আমলা নির্ভর ও সালিস-বিচারে ভূমিকা রাখতে না পারার কথা স্বীকার করেন। এ ছাড়া, হারুণর রশিদ একজন ভালো মানুষ বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপক হারুণর রশিদ নির্বাচনে কারচুপি ও অর্থের প্রভাবের কথা অস্বীকার করে বলেন, ‘নির্বাচনে পরাজিত হলে সবাই এমন অভিযোগ করেন।’ তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম বলে তাঁরা আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়ী করেছেন।’