২০ বছর পর স্বস্তিতে রাঙ্গুনিয়ার দুই লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার ব্যস্ততম পারুয়া ও মরিয়মনগর ডিসি সড়কের মেরামতকাজ শেষ হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগ প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সড়ক দুটি মেরামত করেছে। গত মাসের মাঝামাঝি থেকে সড়ক দুটিতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সড়ক দুটি মেরামতের মাধ্যমে ২০ বছর পর দুর্ভোগমুক্ত হলেন সাত ইউনিয়নের প্রায় দুলাখ মানুষ। হোছনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন, লালানগর ইউনিয়নের রফিকুল ইসলাম চৌধুরী, ইসলামপুর ইউনিয়নের ইকবাল হোসেন, উত্তর রাজানগর ইউনিয়নের মাহবুবুল আলম ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের এনামুল হক মিয়া প্রথম আলোকে বলেন, সড়ক দুটি ২০ বছর ধরে খানাখন্দে ভরা ছিল। ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করতে গিয়ে অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে পঙ্গু হয়েছেন। এমনকি প্রাণহানিও ঘটে। গাড়িতে চড়ার সময় গর্তে পড়ে মানুষ আল্লাহ-খোদা মা-বাপ ডাকা শুরু করতেন। সড়ক দুটি মেরামত হওয়ায় যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে। স্বচ্ছন্দে চলাচল করতে পারায় সাত ইউনিয়নের প্রায় দুলাখ মানুষ খুবই খুশি। স্থানীয় সূত্র জানায়, পারুয়া ও মরিয়মনগর ডিসি সড়ক নির্মিত হয় পাকিস্তানআমলে। সেই থেকে বর্তমান ঘাটচেক পৌরএলাকা, পারুয়া, উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, লালানগর, হোছনাবাদ ও স্বনির্ভর ইউনিয়নের মানুষ সড়ক দুটি দিয়ে চট্টগ্রাম ও রাঙামাটি শহরে যাতায়াত করে আসছেন। কিন্তু অযত্ন-অবহেলায় সড়ক দুটি বছরের পর বছর ভেঙে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পারুয়া ইউনিয়নের বলীপাড়ার নুর মোহাম্মদ জানান, ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের আগে বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী পারুয়া উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় সড়কটি মেরামতের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে সড়কটি আর মেরামত করা হয়নি। ২০০১ সালের সংসদ নির্বাচনের আগে সড়কটির মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। কিন্তু পরে সড়কটি মেরামত না হওয়ায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ২০০৬ সালের প্রথম দিকে ভিত্তিপ্রস্তর ভেঙে দেন। পারুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, ২০০৭ সালের নভেম্বরে প্রথমবারের মতো সড়কটি সংস্কারের দায়িত্ব পায় ইউডিসি ম্যাক নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজ শুরু করে। প্রায় ১৪ কিলোমিটার অংশের দুপাশে মাটি ভরাট, কংক্রিট ও বালু ভরাটের কাজ করে বাকি কাজ বন্ধ করে দেন ঠিকাদার। পরে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের আগ্রহে ঠিকাদার ২০১০ সালের জানুয়ারিতে সড়কের কাজ পুনরায় শুরু করেন। মে মাসের মাঝামাঝি মেরামতকাজ শেষ হয় এবং সড়ক দিয়ে যানচলাচল শুরু করে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০০৩ সালে মরিয়মনগর ডিসি সড়ক মেরামতের দায়িত্ব দেয় সড়ক ও জনপথ বিভাগকে। সড়ক ও জনপথ বিভাগ ২০০৬-০৭ অর্থবছরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করলেও নিম্নমানের কাজের কারণে পরবর্তী অর্থবছরের মধ্যে সড়কটি ক্ষতবিক্ষত হয়ে যায়। ২০০৭ সালে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) সড়কটি মেরামতের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু সিডরদুর্গতদের সাহায্যে সরকার এ বরাদ্দ বাতিল করে দেয়। ফলে সড়ক মেরামত অনিশ্চিত হয়ে পড়ে। সড়কটির বেহাল দশা দেখে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রউফ বেসরকারিভাবে অনুদান সংগ্রহের মাধ্যমে সড়কটি মেরামতের উদ্যোগ নেন। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি অন্যত্র বদলি হওয়ায় সংস্কারকাজ বন্ধ হয়ে যায়। পরে বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় একনেকের সভায় সড়কটি মেরামতের জন্য চার কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। এ বছর জানুয়ারিতে সড়কটির সংস্কারকাজ শুরু হয় এবং মের শেষদিকে যানবাহন চলাচলের উপযোগী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সড়ক দুটি মেরামত হওয়ায় ২০ বছরের দুর্ভোগ থেকে মুক্ত হলেন দুলাখ মানুষ। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়া ৩৯ বছর ধরে বহিরাগত নেতৃত্বের কবলে ছিল। এ সময় রাঙ্গুনিয়ার উন্নয়ন হয়নি মোটেও। সড়ক মেরামতের নামে শুধু ভিত্তিপ্রস্তর দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। উন্নয়নের মাধ্যমে এ প্রতারণার জবাব দেওয়া হবে।’