২০ বছরে প্যারাবন উজাড় করে শতাধিক চিংড়িঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে প্যারাবন উজাড় করে গত ২০ বছরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ছোটবড় শতাধিক চিংড়িঘের তৈরি করেছেন স্থানীয় লোকজন। এসব চিংড়িঘের নির্মাণের জন্য কাটা হয়েছে উপকূলীয় এলাকা রক্ষার জন্য সৃজিত প্যারাবন। ফলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে এখানকার লক্ষাধিক মানুষ। এদিকে, প্যারাবন উজাড় করে চিংড়িঘের তৈরি করায় বন বিভাগ পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে মামলা করেছে। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, ১৯৮২ সালের পর থেকে মহেশখালীর উপকূল রক্ষার জন্য বন বিভাগ প্রায় ১০ হাজার একর প্যারাবন সৃজন করে। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের সময় এসব প্যারাবন এই দ্বীপের বেড়িবাঁধ রক্ষা করে। কিন্তু ১৯৯৩ সালের পর থেকে চিংড়িঘের তৈরি করার জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্যারাবন নিধন শুরু করে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর প্যাবারন নিধনের প্রবণতা বেড়ে যায়। বিএনপির নেতারা ২০০৩ সালে উপকূলীয় দ্বীপ সোনাদিয়ায় দিনদুপুরে প্যারাবনে আগুন লাগিয়ে তা উজাড় করে। সূত্র জানায়, সোনাদিয়ায় ২০০১ সালের ১১ অক্টোবর থেকে ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ জন প্রভাবশালী ব্যক্তি বন বিভাগের সৃজিত প্যারাবন কেটে এক হাজার ৪৮৫ একর বনভূমি দখল করে ১৩টি চিংড়িঘের তৈরি করেন। এ ছাড়া উপজেলার কুতুবজোম ও বড় মহেশখালী ইউনিয়নে ৩১ জন দখল করে এক হাজার ৫৫৫ একর, কালারমারছড়া ইউনিয়নে ৬৭ জন দখল করে ৬৫৫ একর, মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে ১৯৪ জন দখল করে নেন এক হাজার ৪৮০ একর বনভূমি। এসব এলাকায় কমপক্ষে ১০০টি চিংড়িঘের নির্মাণ করা হয়েছে। এ নিয়ে বন বিভাগ দখলদারদের বিরুদ্ধে মামলা করে গত ছয় বছরেও বনভূমি উদ্ধার করতে পারেনি।গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহসহ ১৭ জন প্রভাবশালী ব্যক্তির ১৩টি অবৈধ চিংড়িঘের উচ্ছেদ করা হয় এবং ১৭ জনের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে ১০০ এক কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়। কিন্তু উচ্ছেদ করার পরও ভূমিদস্যুরা আবারও বন বিভাগের জমি দখল করে চিংড়িঘের নির্মাণ করে। তিনি আরও বলেন, ২০ বছরে ছয় হাজার একর বনভূমির ওপর সৃজিত প্যারাবন উজাড় করে ভূমিদস্যুরা ছোটবড় মিলে শতাধিক চিংড়িঘের তৈরি করেছে। এদের বিরুদ্ধে মামলা করা হলেও উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে আবার বনভূমি দখল করে নেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, পরিবেশ ধ্বংস করেই উপকূল রক্ষায় সৃজিত প্যারাবন কেটে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বনভূমিতে অবৈধভাবে শতাধিক চিংড়িঘের তৈরি করেছে। তিনি আরও বলেন, প্রশাসন ইতিমধ্যে ছয়বার অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বনভূমি বন বিভাগকে বুঝিয়ে দিলেও তারা রক্ষা করতে পারেনি।