২০ বছরেও হয়নি পটিয়া পৌরভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা স্থাপনের ২০ বছরেও পৌরভবন নির্মাণ হয়নি পটিয়ায়। চার বছর আগে বর্তমান অস্থায়ী কার্যালয়সংলগ্ন জায়গায় নতুন ভবনের ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু জায়গা নিয়ে জটিলতার কারণে এখনো ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে ভবন নির্মাণের জন্য বরাদ্দ প্রায় এক কোটি টাকা পৌরসভার তহবিলে পড়ে আছে। বর্তমানে একতলা একটি টিনের ছাউনির ভবনের নয়টি কক্ষে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতে হিমশিম খাচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ১৯৯০ সালে পটিয়া পৌরসভা প্রতিষ্ঠার পর সাবেক পটিয়া মহকুমা প্রশাসকের কার্যালয়সংলগ্ন পুলিশ ব্যারাক ভবনে কার্যালয় স্থাপন করা হয়। এটিকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয় ২০০৬ সালে। জানা যায়, পৌর কার্যালয় ও সংলগ্ন ৫৮ শতকের জায়গাটি অকৃষি সরকারি খাসভূমি। এ জায়গার ওপর সাবেক মহকুমা প্রশাসকের কার্যালয় ও মহকুমা পুলিশ ব্যারাক নির্মাণ করা হলেও জমিটি ভূমি মন্ত্রণালয় থেকে বন্দোবস্তি নেওয়া হয়নি। কিন্তু মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার আগেই ভবনের ভিত্তি স্থাপন করা হয়। ২০০৬ সালের ১৫ জুলাই পটিয়ার তৎকালীন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন।ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১৯৯৭-২০০০ পর্যন্ত একাধিক কিস্তিতে ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৮ সালে ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ভূমি বরাদ্দ নিয়ে জটিলতার কারণে ভবন নির্মাণের কাজ স্থগিত করা হয়। জানা যায়, পৌর কর্তৃপক্ষ ভূমির বন্দোবস্তি চেয়ে ২০০৫ সালে গণপূর্ত মন্ত্রণালয় এবং ২০০৬ সালে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করে। সে সময় ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চাওয়া হয়। কিন্তু জেলা প্রশাসন থেকে জানানো হয় অকৃষি খাসজমি বন্দোবস্তি দেওয়ার বিধান না থাকায় ওই জমির শ্রেণী পরিবর্তন করে তারপরই বন্দোবস্ত দেওয়া যাবে। এদিকে, গত বছর ১৯ মে বর্তমান সংসদ সদস্য শামসুল হক চৌধুরী পৌরসভা কার্যালয়ের জন্য একই ভূমি বন্দোবস্তি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চাহিদাপত্র (ডিও লেটার) পাঠান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন। ওই বছর ২৮ জুন মন্ত্রণালয়ের পৌর শাখা থেকে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে মতামতসহ প্রতিবেদন চাওয়া হয়। জেলা প্রশাসকের দপ্তর থেকে গত ২৭ জুলাই পটিয়ার সহকারী কমিশনারের (ভূমি) মতামত চাওয়া হলে সহকারী কমিশনার ৪ আগস্ট প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বর্তমান পৌরসভা কার্যালয়ের ভূমির শ্রেণী পরিবর্তন করে পৌরসভার অনুকূলে বন্দোবস্তি দেওয়ার কথা বলা হয়। গত ৪ এপ্রিল ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে ‘বিধি মোতাবেক’ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। পৌর কাউন্সিলর আমির হোসেন বলেন, ‘প্রথম শ্রেণীর একটি পৌরসভার কোনো ভবন না থাকা দুঃখজনক। বর্তমান কার্যালয়ে বসে কাজ করার মতো পরিবেশ নেই। মেয়র ও কাউন্সিলরদের জন্য আলাদা কক্ষ নেই। নেই কোনো ভালো শৌচাগার।’পৌরসভার মেয়র নুরুল ইসলাম বলেন, ‘জায়গা বন্দোবস্তি না পাওয়ায় নির্মাণকাজ করা যাচ্ছে না। বর্তমান জেলা প্রশাসক সরেজমিনে এসে কার্যালয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জায়গা বন্দোবস্তি পাওয়ার আগে কেন ভিত্তি স্থাপন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বন্দোবস্তি পাব বলে আশা করেছিলাম।’