২০ মাধ্যমিক বিদ্যালয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০টি মাধ্যমিক বিদ্যালয়ে এখনো সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষা হচ্ছে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের অধীনে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও নোয়াখালী জেলায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত। বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো বাইরে থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার কাজ চালাচ্ছে। এসইএসডিপির (মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্প) গত ডিসেম্বর মাসের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। ২০১১ সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এসব বিদ্যালয় কর্তৃপক্ষকে সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করতে তাগিদ দেওয়া হয়েছে।’ এসইএসডিপির গত ডিসেম্বর মাসের প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালী জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম অঞ্চলে ২৫০টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শুধু ১৯৪টি বিদ্যালয় পুরোপুরি সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন তৈরি করছে। ৩৬টিতে আংশিক সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হয়। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের চারটি, বান্দরবানের সাতটি, খাগড়াছড়ির তিনটি, ফেনীর তিনটি ও নোয়াখালীর ১৯টি বিদ্যালয়। আর বাকি ২০টিতে এখনো বাইরে থেকে সংগ্রহ করা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। অর্থাৎ এসব বিদ্যালয় সৃজনশীল পদ্ধতি অনুসরণ করছে না। এর মধ্যে চট্টগ্রামের দুটি, বান্দরবানের তিনটি, রাঙামাটির চারটি এবং নোয়াখালীর ১১টি বিদ্যালয় রয়েছে। জানা যায়, সরকার ২০০৮ সালে প্রথমে নবম শ্রেণীতে সৃজনশীল পদ্ধতি চালু করে। ২০১০ সালে বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১১ সালে এসএসসি পরীক্ষায় আরও পাঁচটি বিষয় যোগ করা হয়। এগুলো হচ্ছে: রসায়ন, ভূগোল, সাধারণ বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় উদ্যোগ। এ বছর থেকেই বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ও উচ্চতর গণিত ছাড়া বাকি সব বিষয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সৃজনশীল পদ্ধতি চালু করা হয়। এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিধানও কার্যকর হয়।