২০ মানব পাচারকারীকে খুঁজছে পুলিশ
সংখ্যায় তারা ২০ জন। অভিবাসনপ্রত্যাশীদের জিম্মি করে বিকাশের মাধ্যমে টাকা নিত। মিয়ানমার থেকে ফিরে আসা লোকজন এমন তথ্যই দিয়েছেন পুলিশকে। একরাম হোসেন নামের একজন অভিবাসনপ্রত্যাশী এই ২০ জনের বিরুদ্ধে মামলাও করেছেন কক্সবাজার থানায়। অভিযুক্ত এসব মানব পাচারকারীকে ধরতে তৎপর হয়েছে পুলিশ।
৯ জুন রাতে কক্সবাজার সদর মডেল থানায় একরাম বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে এরা সহজ-সরল মানুষজন থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে তিনি দাবি করেন। মো. একরাম হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামের বাসিন্দা। গত ২০ ফেব্রুয়ারি মহেশখালীর পানিরছড়ার বাসিন্দা মোহাম্মদ আলী ও মো. আফসার মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে অনেকের সঙ্গে তাঁকে একটি জাহাজে তুলে দেয় বলে তিনি জানান। সেই জাহাজে আরও অন্তত ২৫০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি লোক ছিলেন বলে তিনি দাবি করেন। একরাম জানান, জাহাজে ওঠা মাত্র দালালেরা হত্যার ভয় দেখিয়ে
তাঁদের আত্মীয়দের মুঠোফোন নম্বর সংগ্রহ করেছিলেন। তারপর ওই সব নম্বরে যোগাযোগ করে দালালেরা দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেন। ভয় পেয়ে তাঁর বাবা ফজল করিম একটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠন।
একরাম হোসেনের দাবি, দালালেরা ট্রলারে জিম্মি করে প্রায় ২৫০ অভিবাসীর কাছ থেকে অন্তত দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কড়াকড়ির কারণে থাইল্যান্ড সীমান্তে ঢুকতে না পারায় দালালেরা ট্রলারসহ অভিবাসন প্রত্যাশীদের মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেয়।
মামলার এজাহারে মুক্তিপণ আদায়কারী হিসেবে মহেশখালীর মোহাম্মদ আলী, আফসার আলী, জরুল ইসলাম, শাহজাহান, লেদু মিয়া, আলমগীর, এখলাছ, উখিয়ার সেলিম উদ্দিন, হাফেজ মিজান, মেজবাহ উদ্দিন, লালু, ইছহাক, মফিজ ও টেকনাফের রুবেলের নাম উল্লেখ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম জানান, অভিযুক্ত দালালদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ৮ জুন ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠায় মিয়ানমার। এরপর দুদিন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে তাঁদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, জিজ্ঞাসাবাদের সময় অনেকে পুলিশকে জানায়, ট্রলারে তাঁদের জিন্মি করে দালালেরা মুক্তিপণ আদায় করে। তাও বিকাশের মাধ্যমে। মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত কক্সবাজারের ২০ দালালকে শনাক্ত করেছে পুলিশ।