২০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজ চূড়ান্ত
রাউজানে ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন শেষে আরপিসিএলে (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড) এসংক্রান্ত দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এটি চালু হলে এখানকার দেড় লাখেরও বেশি পল্লিবিদ্যুতের গ্রাহক লোডশেডিং থেকে মুক্তি পাবেন। দ্বৈত জ্বালানি পদ্ধতির (ডুয়েল ফুয়েল সিস্টেম) এই কেন্দ্রটি হবে রাউজানের কাপ্তাই সড়কসংলগ্ন নোয়াপাড়ার কালুমরারটেক নামক স্থানে। পল্লিবিদ্যুৎ সমিতি-২-এর পরিচালক, সমিতির সাবৎকে সচিব মোহাম্মদ জিন্নাত আলী জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রটি প্রতিষ্ঠার জন্য এখানে সমিতির টাকায় ১৯৩ দশমিক ৫০ শতক জায়গা কিনে রাখা হয়েছে। এই কেন্দ্রটির কার্যক্রম শুরু হলে সমিতির ভৌগোলিক এলাকা রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া লোডশেডিংমুক্ত থাকবে।জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি প্রতিষ্ঠার পর এটি অফ পিকআওয়ারে গ্যাস দিয়ে এবং পিক আওয়ারে উচ্চগতির (হাইস্পিড) ডিজেলের মাধ্যমে চালানো হবে। সূত্র মতে, কেন্দ্রটির জন্য গ্যাস পাওয়ার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, পল্লিবিদ্যুৎ সমিতি-২-এর বর্তমান বিদ্যুৎ চাহিদা দৈনিক ৪৫ মেগাওয়াট। গ্রাহকদের সরবরাহ করা হয় ৯ থেকে ১৫ মেগাওয়াট। জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সুবিধা পাওয়ার আশায় সমিতি এখন বিদ্যুত্লাইন সমপ্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত ৫০ কিলোমিটার লাইন নির্মাণের নতুন পরিকল্পনার আওতায় এখন প্রাথমিকভাবে অনুমোদন পাওয়া গেছে ১০ কিলোমিটার লাইন তৈরির। সূত্র মতে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এখানে একটি বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় সংসদ সদস্য এবং গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে এলাকাবাসীকে লোডশেডিংমুক্ত করা ছিল তাঁর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটি প্রতিষ্ঠার প্রস্তাব বিদ্যুৎ সমিতি-২-এর ২৯৫তম মাসিক বোর্ড সভায় অনুমোদন পায়। এরপর প্রস্তাবটি পাঠানো হয় আরইবির (পল্লি বিদ্যুত্তায়ন বোর্ড) সদর দপ্তরে। এখান থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রস্তাবটি পাঠানো হয় মন্ত্রিসভায় অনুমোদনের জন্য। সর্বশেষ গত ডিসেম্বরে এটি অনুমোদিত হয় মন্ত্রিসভায়ও। জানা গেছে, ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কাজটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি এখন আরপিসিএলের কাছে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার অপেক্ষায় রয়েছে। পল্লিবিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) আব্দুর রহিমের দরপত্র আহ্বানের বিষয়টি আরপিসিএলের প্রক্রিয়াধীন থাকার কথা স্বীকার করে বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যের আগ্রহে প্রকল্পটি দ্রুতগতি পেয়েছে। নতুন বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠিত হলে সমিতির গ্রাহকেরা লোডশেডিং থেকে মুক্তি পাবেন এবং সিস্টেম লসের মাত্রাও একেবারে নিচে নেমে আসবে।’